চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগের দলবদল রবিবার চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) মিলনায়তনে শুরু হয়েছে। দলবদলের প্রথম দিনে ছিল না তেমন কোনো উত্তাপ। বিকাল ৫টা থেকে কার্যক্রম শুরু করার কথা থাকলেও খেলোয়াড় না আসার কারণে কার্যক্রম শুরু হয় রাত সাড়ে ৮টায়।
ঐ সময় চ্যাম্পিয়ন উদয়ন সংঘের খেলোয়াড় শাহরিয়ার রিমন ও কাস্টমস স্পোর্টস ক্লাবের খেলোয়াড় সাদমান সাকিব লিগে খেলার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন একাদশের পক্ষে স্বাক্ষর করেন শাহরিয়ার রিমন ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবে এবং সাদমান উত্তরা ক্লাবের পক্ষে খেলে থাকেন।
পরের দিন অর্থাত্ গতকাল সোমবার দলবদল কার্যক্রমের দ্বিতীয় দিনে বেশ উত্তাপ ছড়ায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। বিভিন্ন দলের ১২ জন খেলোয়াড় নিয়ে কর্মকর্তা ও সমর্থকরা ডাক-ঢোল পিটিয়ে উত্সবমুখর পরিবেশে খেলোয়াড়দের স্বাক্ষর করান। যেসব খেলোয়াড়কে স্বাক্ষর করিয়েছেন সেসব খেলোয়াড়েরা হলেন—কিষোয়ান স্পোর্টিং ক্লাবের জাহেদুল ইসলাম, বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতির সাজু আহমদ ও শফিকুল ইসলাম। কোয়ালিটি স্পোর্টস ক্লাবের মোশারফ হোসেন ও নাজিম উদ্দিন মিন্টু। মোহামেডান ব্লুজ দলের মো. রাজিব, ওমর ফারুক ও আবু সিদ্দিক।
মাদারবাড়ী উদয়ন সংঘের সাকের উল্লাহ, চসিক একাদশের মেজবাহ উদ্দিন, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সালাউদ্দিন ও রাইজিং স্টার ক্লাবের মোহামেডান ইমন। এসব খেলোয়াড় বাংলাদেশ প্রিমিয়ার ও বিসিএলে খেলে থাকেন বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের স্টেডিয়াম প্রতিনিধি মো. সরওয়ার আলম চৌধুরী মনি। তিনি ইত্তেফাককে জানান, ফটিস ক্লাবের রোমান, চট্টগ্রাম আবাহনীর জাহেদুল ইসলামের অন্তর্ভুক্তি দলের শক্তি বৃদ্ধি পাবে।