দীর্ঘ ছয় বছরের সম্পর্কের ইতি টেনে বসুন্ধরা কিংসের দায়িত্ব ছাড়েন অস্কার ব্রুজেন। আগামী মৌসুমে কিংসের ডাগআউটে দেখা যাবে না তাকে। এবার নতুন কোচকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতেকে নিয়োগ দিয়েছে কিংসরা।
এক বছরের জন্য তিতেকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবটির সভাপতি ইমরুল হাসান। গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা ভ্যালেরি তিতেকে ১ বছরের জন্য নিয়োগ দিয়েছি। এছাড়া তিনি রোমানিয়া থেকে একজন ফিটনেস কোচও নিয়ে আসবেন।’
৫৮ বছর বয়সী এই কোচের এশিয়া অঞ্চলের ফুটবলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সবশেষ সৌদি আরবের দ্বিতীয় স্তরের ক্লাব আল আইনের কোচের দায়িত্বে ছিলেন। এশিয়ার ক্লাব পর্যায়ের আন্তর্জাতিক টুর্নামেন্ট এএফসি কাপের শিরোপা জেতারও কীর্তি আছে এই কোচের। ২০১০ সালে সিরিয়ার ক্লাব আল ইত্তিহাদ এএফসি কাপের শিরোপা জিতেছিল তার অধীনে।