‘ইগো’ সমস্যায় বাইডেন সরে দাঁড়াবেন না: ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করবেন না প্রেসিডেন্ট জো বাইডেন। কারণ তার ইগো সমস্যা রয়েছে। তার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কারণ আমার প্রার্থী হওয়া। সোমবার যুক্তরাষ্ট্রের সংবাদ চ্যানেল ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাত্কারে ট্রাম্প বলেন, ‘দুটি ব্যাপার এখানে গুরুত্বপূর্ণ। প্রথমত দেশের প্রেসিডেন্ট এবং দলের জ্যেষ্ঠ নেতা হওয়ায় ডেমোক্রেটিক পার্টিতে তার অবস্থান বেশ শক্তিশালী। তাছাড়া দলের মধ্যে তার ভক্ত-অনুসারী ও প্রতিনিধিদেরও অভাব নেই। তাই তিনি নিজে থেকে না চাইলে, নির্বাচনি দৌড় থেকে তাকে সরিয়ে দেওয়া অসম্ভব। এমনকি সংবিধানের ২৫ নম্বর ধারাও এক্ষেত্রে কোনো সহযোগিতা করবে না।’

ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ‘আমি তাকে জানি। তার ইগো সমস্যা রয়েছে। তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কারণ আমি প্রার্থী হয়েছি। যতক্ষণ আমি প্রার্থী থাকব, ততক্ষণ তিনি নির্বাচন থেকে সরবেন না। তিনি মূলত আমাকে পরাজিত করতে চাইছেন।’ 

যুক্তরাষ্ট্রের সংবিধানের ২৫ নম্বর ধারা অনুসারে, প্রেসিডেন্ট যদি কোনো কারণে কারো সিদ্ধান্তকে পাত্তা না দেওয়া শুরু করেন, সেক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার অন্য সদস্যরা একজোট হয়ে প্রেসিডেন্টকে তার পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার মতো সক্ষমতা রাখেন। ২০২০ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন জো বাইডেন, সে সময় তার বয়স ছিল ৭৮ বছর, ট্রাম্পের ৭৫ বছর। বর্তমানে বাইডেনের বয়স ৮১ বছর এবং দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট হওয়ার রেকর্ডটি তার।