শিবচরে স্বাস্থ্যখাতে জনবল সংকট কাটাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য মন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন বলেছেন, শিবচরে স্বাস্থ্য খাতের সকল প্রকল্পে জনবল সংকট কাটাতে ডিজিসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। বুধবার (১০ জূলাঈ) দুপুরে মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ এন্ড টেকনোলজি পরিদর্শন শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

স্বাস্থ্য মন্ত্রী বলেন, আমাদের দেশের অর্ধেক লোক বিদেশে চলে যায় কিন্তু সঠিক রোগ নির্ণয় না হওয়ার কারণে। তারা দেখে এক জায়গায়, রিপোর্ট দেখে আরেক জায়গায়। এগুলো চিন্তা করেই অনেকে বিদেশে চলে যায়। আমরা যদি টেকনোলজিস্ট শক্ত করতে পারি তাহলে আমাদের সমস্ত রোগের ট্রিটমেন্ট এখানেই সম্ভব। রিপোর্ট যদি সঠিক না হয় তাহলে সঠিক চিকিৎসা কোন দিনই দেয়া সম্ভব না। তাই আমি তোমাদের (শিক্ষার্থীদের) অনুরোধ করবো তোমরা দেশের ভবিষ্যৎ। এই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ভাল পর্যায়ে নিয়ে যেতে তোমাদেরই এগিয়ে আসতে হবে। আমি প্রথম দিন থেকে একটি কথা বলে আসছি যে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা এটা আমাকে নিশ্চিত করতেই হবে। 

চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী যে দুজন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে স্বাস্থ্য বিভাগের দায়িত্ব দিয়েছেন তাদের কঠোর পরিশ্রমে স্বাস্থ্য বিভাগ ঘুরে দাঁড়াবে। স্বাস্থ্য খাতে যে দুর্বলতা আছে আমাদের অনেক মানুষকে স্বাস্থ্যসেবার জন্য বিদেশ যেতে হয়। অনেকেই চিকিৎসা আন্তর্জাতিকভাবে পাই না। মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রীর মাধ্যমে ইনশাল্লাহ আমরা আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা পাবো।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা: রোকেয়া সুলতানা বলেন, আগে ভবন নয় আগে আমাদের দক্ষ জনবল প্রয়োজন। তা নাহলে শিক্ষার্থীদের অসুবিধা থেকেই যাবে। দক্ষরা যে সেবা দেশের মানুষের জন্য দিতে পারবেন অদক্ষরা তা পারবেন না ।

এসময় জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক নূর-ই-আলম চৌধুরী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা: রোকেয়া সুলতানা উপস্থিত ছিলেন। এদিন স্বাস্থ্যমন্ত্রীসহ অতিথিরা, পদ্মা সেতু সংযুক্ত ঢাকা খুলনা এক্সপ্রেস হাইওয়ে সংলগ্ন শিবচরের দত্তপাড়ায় ইলিয়াছ আহমেদ চৌধুরী ট্রমা সেন্টার, চৌধুরী ফিরোজা বেগম ২০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র, মুক্তিযুদ্ধের সংগঠক ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, শিবচর ডায়াবেটিক সমিতি পরিদর্শন, ম্যাটস, মিডওয়াইফারী ইনস্টিটিউট পরিদর্শন করেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ আজিজুর রহমান, স্বাস্থ্য সেবা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা, স্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের চীফ ইঞ্জিনিয়ার বিগ্রেডিয়ার জেনারেল সরোয়ার হোসেন, মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশিদ খান, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, হাসপাতাল ও ক্লিনিকসমূহ পরিচালক ডাঃ মাইনুল আহসান বাপ্পি, ঢাকা ডিভিশনের পরিচালক ডাঃ মোঃ জাফুরুল ইসলাম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ ইকরাম হোসেন, শিবচর উপজেলা চেয়ারম্যান ডা. মো. সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।