বগুড়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪ 

বগুড়ার শেরপু‌র উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী একই পরিবারের তিনজ‌নসহ চারজন মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুই যাত্রী।

বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা এলাকায় এ ঘটনা‌ ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল হাশেম।

দুর্ঘটনায় নিহতরা হলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সোনাখাড়া ইউনিয়নের বান্ধাইল গ্রা‌মের ওলিউজ্জাম‌ানের ছেলে আরিফুল ইসলাম (৩২), তার স্ত্রী মৌসুমী আক্তার (২৫) ও তাদের শিশুসন্তান সাইফুল ইসলাম (৪) এবং অটোরিকশা চালক নাসিম হোসেন (৩০)।

আহত অন্য দুই যাত্রী গোলাম ও কাওসার আলীকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, সিরাজগঞ্জ থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত অ‌টোরিকশা‌টি বগুড়ার শেরপুরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সা‌র্ভিসের কর্মীরা সেখানে যান। যাত্রীদের একজন ঘটনাস্থলেই মারা যান। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়। অন্য দুইজন চিকিৎসাধীন।

শেরপুর হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল হাশেম জানান, ট্রাকটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।