ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ঐতিহ্যবাহী ফুটবল খেলাকে আরও আধুনিক ও প্রাণবন্ত করে ধরে রাখতে সকলকে এগিয়ে আসতে হবে। এক সময় গ্রামবাংলায় ফুটবল খেলার জনপ্রিয়তা মানুষের অন্তরে লেগেছিল। কালের বিবর্তনে তা হ্রাস পেয়েছে। আগামীতে ফুটবল খেলাকে গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে সকলকে একত্রে কাজ করতে হবে।
শুক্রবার (১২ জুলাই) বিকালে ভাঙ্গা উপজেলার পৌর সদরের ডাক্তার কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে ইউনিয়ন পরিষদ ফুটবল গোল্ডকাপের ফাইনাল খেলায় উপস্থিত হয়ে এসব কথা বলেন সংসদ সদস্য। এ সময় তিনি পুত্র মিখাইল চৌধুরী ও দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে পুরো খেলা উপভোগ করেন।
এদিন ঘারুয়া ও তুজারপুর ইউনিয়নের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বিজয় হয় ঘারুয়া ইউনিয়ন। বিজয়ী দল ঘারুয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদের হাতে গোল্ডকাপ তুলে দেন নিক্সন চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত এ খুদার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান কাওসার ভুইয়াসহ অনেকে।