‘দীর্ঘদিন ধরে এমন একটি চরিত্রের অপেক্ষায় ছিলাম। অভিনয়ে নিজের ইমেজ ভেঙে এই ছবিতে ভিন্ন একটি চরিত্রে কাজ করছি। কতটুকু করতে পারছি জানি না, তবে সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই সিনেমার নেতিবাচক চরিত্রে নিজেকে আবিষ্কার করেছি। সিনেমাটির গল্পও খুবই ভালো লেগেছে। আর নির্মাতার সঙ্গে এটা আমার প্রথম কাজ। আশা করছি, এটি দারুণ একটি চলচ্চিত্র হবে। আমার ভক্ত আর দর্শকদের কাছে অনুরোধ থাকবে, ছবিটি দেখতে সিনেমা হলে যাবেন সবাই।’
নিজের নতুন সিনেমা এবং চরিত্র প্রসঙ্গে জানতে চাইলে কথাগুলো বলেন জনপ্রিয় অভিনেতা ইন্তেখাব দিনার। এক সময় ছোটপর্দা মাত করা এই অভিনেতা বর্তমানে ওটিটির কাজ নিয়েই বেশি ব্যস্ত সময় পার করছেন। কাজগুলো দারুণ প্রশংসা কুড়াচ্ছে। তবে সম্প্রতি নতুন একটি সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন ইন্তেখাব দিনার।
সেই ধারাবাকিতায় কাজ করছেন ‘নীল জোছনা’ নামের একটি সিনেমায়। এটি নির্মাণ করছেন ফাখরুল আরেফীন খান। এর আগে তিনি ‘ভূবন মাঝি’, ‘গণ্ডি’, ‘জেকে ১৯৭১’ নির্মাণ করেছেন। সরকারি অনুদানের ‘নীল জোছনা’ সিনেমাটি নির্মিত হচ্ছে মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি বিষয়ক উপন্যাস ‘নীল জোছনার জীবন’ অবলম্বনে। জানা গেছে, এই সিনেমায় দিনারকে দেখা যাবে সেন্টু নামের চরিত্রে। এটি এই সিনেমার নেতিবাচক একটি চরিত্র।
দিনার প্রসঙ্গে নির্মাতা আরেফীন বলেন, ‘এর আগ টেলিভিশন, ওটিটি কিংবা সিনেমায় ইন্তেখাব দিনারকে এমন চরিত্রে দেখা যাইনি। সে জায়গা থেকে বলতে গেলে তিনি দারুণ করছেন। আশা করছি সিনেমাটির কাজ ঠিকঠাক মতো শেষ করতে পারবো।’ সিনেমাটিতে দিনার ছাড়া আরও অভিনয় করছেন পশ্চিমবাংলার অভিনেত্রী পাওলি দাম, সংগীতশিল্পী ও অভিনেতা পার্থ বড়ুয়াসহ অনেকে।