শেষের পথে কোপা আমেরিকার ৪৮তম আসর। তবে বিতর্ক পিছু ছাড়ছে না। শুরু থেকে নানা অব্যবস্থাপনায় সমালোচনায় পড়তে হচ্ছে আয়োজকদের। ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী খেলা এখনো বাকী। তার আগে লাতিন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনমেবলকে ধুয়ে দিলেন কানাডার কোচ জেসি মার্শ। উরুগুয়ের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের আগে অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
উরুগুয়ে–কলম্বিয়া সেমিফাইনাল ম্যাচের পর গ্যালারিতে কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে মারামারিতে জড়ান উরুগুয়ের ফুটবলাররা। যা নিয়ে তদন্তে নেমেছে কনমেবল। তবে খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছেন উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আপনি কীভাবে মা, বোন কিংবা সন্তানকে রক্ষা না করে থাকবেন? যদি তারা তা না করত, তবে আমরা সবাই তাদের নিন্দা করতাম। নিষেধাজ্ঞা ফুটবলারদের বিরুদ্ধে নয়, বরং যারা এমনটা করতে বাধ্য করেছে, তাদের বিরুদ্ধে হওয়া উচিত। এটা অপমানজনক।’
কোপা আমেরিকায় দ্বিতীয় শ্রেণির নাগরিক হয়ে ছিলেন মন্তব্য করেছেন কানাডার কোচ মার্শ। তিনি বলেন, ‘আমি তার (উরুগুয়ে কোচ বিয়েলসার) সংবাদ সম্মেলনের কিছুটা দেখেছি, যার কোনো কোনো বিষয়ের সঙ্গে আমি একমত। এই টুর্নামেন্ট আমার কাছে কোনোভাবে পেশাদার মনে হয়নি, অনেক বেশি অব্যবস্থাপনা ও সমস্যা।’
কানাডিয়ান কোচ আরও বলেন, ‘আমি সেই ঝামেলাও (কলম্বিয়া সমর্থক ও উরুগুয়ে ফুটবলারদের মারামারি) দেখেছি, আমি নিশ্চিত আমাদের কেউই পরিবার বা স্বজনদের এমন অবস্থায় দেখতে চাইব না।’