পেনশন স্কিম 'প্রত্যয়' বাতিলের দাবিতে জাবি কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপনকে বৈষম্যমূলক অ্যাখা দিয়ে, তা প্রত্যাহার এবং সর্বজনীন পেনশন স্কিম থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে আওতাভুক্ত রাখার দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কর্মকর্তা-কর্মচারীরা। 

রোববার (১৪ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে সমাবেশ শুরু করেন কর্মকর্তা-কর্মচারীরা। পরে বেলা ১২টার দিকে সেখান থেকে 'কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ' ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। 

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার ও সমাজবিজ্ঞান অনুষদ সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে ফের নতুন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় 'বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠায় নাই', 'মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠায় নাই', 'বৈষম্যমূলক পেনশন মানি না, মানব না' ইত্যাদি স্লোগান দেন কর্মকর্তা-কর্মচারীরা।

সমাবেশে অতিদ্রুত সময়ের মধ্যে প্রত্যয় স্কিম বাতিলের দাবি জানান বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। দাবি আদায় না হলে সর্বাত্মক কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম সবকিছুই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণাও দেন তারা। 

বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির সভাপতি আব্দুর রহমান বাবুল বলেন, 'আমরা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারীরা অতীত থেকে একটা পেনশন স্কিমের অধীনে আছি। নতুন করে আমাদের উপর প্রত্যয় স্কিম চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা এ বৈষম্যের স্কিম মানি না। আমাদেরকে প্রত্যয় স্কিম থেকে বাদ দেওয়া হোক। আমাদের দাবি মানা না হলে লাগাতার কর্মসূচি চলবে।'

অফিসার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়া বলেন, 'একই দেশে দুই ধরনের পেনশননীতি চলতে পারে না। আমরা নতুন পেনশন প্রথা বাতিল করে পূর্বের প্রথা বহাল রাখার দাবিতে আন্দোলন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।'

বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম বকসী বলেন, 'পেনশন নিয়ে সরকারের বৈষম্যমূলক সিদ্ধান্ত মানি না। এখানে সরকারি কর্মচারীদের মধ্যে নির্দিষ্ট একটি অংশকে সুবিধাবঞ্চিত করা হচ্ছে। আমরা পেনশন সংক্রান্ত এ বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিলের দাবি জানাচ্ছি। দাবি মানা না হলে কর্মবিরতি চলমান থাকবে।'

উল্লেখ্য, গত ৩০ জুন থেকে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন ও সহায়ক কর্মচারী কল্যাণ ফেডারেশনের আহ্বানে পেনশন স্কিম 'প্রত্যয়' থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের কর্মচারীদের অন্তর্ভুক্তি বাতিল ও ইউজিসি প্রণীত অভিন্ন নীতিমালা বাতিলের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।