ফাইনালে ডি মারিয়ার কাছে থেকে গোল চান মেসি

আর্জেন্টিনার সবশেষ তিনটি শিরোপা জয়ের পথে প্রতিটি ফাইনালে গোল করেছেন আনহেল ডি মারিয়া। এবার আরও একটি ফাইনাল। আরও এক শিরোপার দ্বারপ্রান্তে আলবিসেলেস্তেরা। এই ফাইনালেও ডি মারিয়া গোল করবেন এমন আশা দীর্ঘদিনের সতীর্থ লিওনেল মেসি।

সোমবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টায় মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি তুলে রাখবেন আনহেল ডি মারিয়া। মেসি চান কলম্বিয়ার বিপক্ষে গোল করেই আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করবেন ডি মারিয়া। 

লাতিন আমেরিকান গণমাধ্যম ডি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘কে জানে, হয়তো সে ফাইনালে আরও একটি গোল করবে, যেমনটা সে আগে খেলা সবগুলো ফাইনালে করেছে। এটা ঘটলে অসাধারণ হবে।’

ডি মারিয়ার অবসর নেওয়া প্রসঙ্গে মেসি আরও বলেন, ‘আমরা সব সময় তাকে বলেছি যে, সবকিছু ঠিকঠাক থাকলে (আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাও)... সামনে আমাদের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ রয়েছে। কিন্তু ফিদেও (দি মারিয়া) মনস্থির করে ফেলেছে এবং কোনোভাবেই সেটা আর বদলাবে না।’