দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রোববার মূল্যসূচকের বড় পতন হয়েছে। এ নিয়ে টানা তিন কার্যদিবস সূচক কমল। এদিন লেনদেন কমার সঙ্গে সঙ্গে অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমেছে। অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। দিন শেষে ডিএসইতে লেনদেনকৃত মোট ৩৯৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে মাত্র ৭০টির। কমেছে ২৯৭টির। আর অপরিবর্তিত রয়েছে ৩০টির দর। এতে এই বাজারের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট কমে ৫৪৮২.৭৯ পয়েন্টে নেমে গেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট কমে ১২০২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট কমে ১৯৩৭ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে ৬২২ কোটি ২৫ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬৬৪ কোটি ২৮ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৪২ কোটি ৩ লাখ টাকা।
দেশের প্রধান এই শেয়ারবাজারে গতকাল টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০টি কোম্পানি হলো :লাভেলো আইসক্রিম, অগ্নি সিস্টেম, বিচ হ্যাচারি, স্যালভো কেমিক্যাল, সি পার্ল বিচ রিসোর্ট, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, সোনালী পেপার, হাইডেলবার্গ সিমেন্ট, আফতাব অটোমোবাইল এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন।
অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল লেনদেনকৃত মোট ২২৮টি কোম্পানির মধ্যে ৪৬টির দাম বেড়েছে, কমেছে ১৬৫টির এবং ১৭টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৯৬ পয়েন্ট। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ৩৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৯ কোটি ১ লাখ টাকা।