রাতের অন্ধকারে শাবিতে ছাত্রলীগের হামলা, সমন্বয়কসহ আহত ৩

প্রধানমন্ত্রীর বক্তব্যের জেরে হঠাৎ করে সারা দেশের মতো উত্তাল হয় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রোববার (১৪ জুলাই) রাতে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হলে তাদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোটা আন্দোলনের শাবি শাখার সমন্বয়কসহ তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন।

রোববার (১৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে সোমবার (১৫ জুলাই) প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। 

হামলায় আহত তিন শিক্ষার্থী। ছবি: সাগর শুভ্র

জানা গেছে, বেলা সাড়ে ১২টার দিকে গোল চত্বর হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মেয়েদের আবসিক হল  হয়ে আবার গোল চত্বর, কিলো রোড হয়ে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। সেখানে কিছুক্ষণ অবস্থান কর্মসূচির পর সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

বিক্ষোভ মিছিল শেষে বেলা ২টায় সাধারণ শিক্ষার্থীদের পক্ষে প্রক্টর বরাবর স্মারকলিপি প্রদান করেন কোটা আন্দোলনের শাবি শাখার সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব ও সুইটি আক্তার। 

বিক্ষোভ মিছিলে সাধারণ শিক্ষার্থীরা কোটা প্রথার বিরুদ্ধে নানান স্লোগান দিতে শোনা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘পুলিশ দিয়ে আন্দোলন / বন্ধ করা যাবে না, কোটা না মেধা/ মেধা মেধা, এরকম নানান স্লোগান দিতে দেখা যায়।

হামলার প্রতিবাদে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ছবি: সাগর শুভ্র

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ শাবিপ্রবি শাখার কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক রসায়ন বিভাগের শিক্ষার্থী আসাদুল্লাহ গালিব বলেন, প্রধানমন্ত্রীর লজ্জাজনক বক্তব্যের পরে শতশত নারী শিক্ষার্থীসহ হাজারো শিক্ষার্থী নিয়ে আমরা যখন লাইব্রেরি ভবনের সামনে যাই তখন ছাত্রলীগ আমাদের বোনদের ওপর হামলা করতে চাইলে আমরা এগিয়ে গেলে আমাদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করেন। এরই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ। 

হামলার ঘটনায় রোববার রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাবি শাখার সভাপতি খলিলুর রহমান বলেন, হামলার কোনো ঘটনা ঘটেনি। সবার কাছে ভিডিও ফুটেজ আছে, তা দেখলেই বুঝা যাবে। বরং আমরা সড়কের পাশে গিয়ে তাদের যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি।

এ ছাড়া আজ বিকালে নিজেদের অবস্থান জানান দিতে মিছিল করবে শাবিপ্রবি ছাত্রলীগ।