কুবির শেখ হাসিনা হলে সাপ, আতঙ্ক শিক্ষার্থীরা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শেখ হাসিনা হল থেকে একটি সাপ উদ্ধার করা হয়েছে। রোববার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টায় হলের দক্ষিণ পাশের ডি ব্লকের ১১৮ নম্বর রুম থেকে রেসকিউ টিম সাপটি উদ্ধার করে। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 

ওই রুমের বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সাদিয়া ইসলাম বলেন, আমি বাইরে থেকে এসে বিশ্রাম নিচ্ছিলাম। রুমে আমরা দুজন ছিলাম। হঠাৎ এক আপু চিৎকার করে বললো তোমাদের রুমে সাপ ঢুকেছে। তখন আমার রুমমেট ঘুমাচ্ছিলো। সে আমাদের চিৎকার শুনে উঠে পড়ে। হলের দারোয়ান এসে খাটের নিচে সাপটিকে দেখতে পায়। পরে আমরা রুমের দরজা জানালা বাইরে থেকে বন্ধ করে রুম থেকে বেরিয়ে যায়।

ফেনী থেকে রেসকিউ টিম আসে। তারা বলেন, এই প্রজাতির সাপ বাংলাদেশে অনেক রয়েছে। এর নাম দুধরাজ। এরা নির্বিষ এবং সাধারণত ছোট পোকা-মাকড় ও ইঁদুর খেয়ে থাকে। 

শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ মেহের নীগার বলেন, আমাদের হলে নিয়মিত কার্বলিক এসিড দেওয়া হয়। হলের আশেপাশে ঝোপঝাড় রয়েছে। তাই সাপ আসার সম্ভাবনা থাকে। তবে আমরা নিয়মিত পরিষ্কার করার চেষ্টা করি। 

উল্লেখ্য, এর আগেও বিশ্ববিদ্যালয়ের ধীরেন্দ্রনাথ দত্ত হল, কাজী নজরুল ইসলাম হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলসহ বিভিন্ন অনুষদ ভবন এবং প্রশাসনিক ভবন থেকে সাপ উদ্ধার করা হয়েছে। পাহাড়ি ক্যাম্পাস হওয়ায় মাঝেমাঝে সাপের উপদ্রব দেখা যায় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।