জুডিশিয়াল সার্ভিসের লিখিত পরীক্ষা স্থগিত

সপ্তদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (১৭তম বিজেএস) এর লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। ২০ জুলাই থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু উদ্ভূত বিশেষ পরিস্থিতি ও পরীক্ষার্থীগণের নিরাপত্তাসহ সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে জুডিসিয়াল সার্ভিস কমিশন পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয়।

বুধবার (১৭ জুলাই) দেওয়া এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কমিশনের সিনিয়র সহকারী সচিব (প্রশাসন) ইয়াসমিন বেগম এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষা পরবর্তী তারিখ ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। পরবর্তী তারিখ ও বিস্তারিত সময়সূচি কমিশনের ওয়েবসাইটে জানানো হবে।

এর আগে গত মে মাসে প্রাথমিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরীক্ষার একদিনের মধ্যেই এই ফল প্রকাশ করা হয়েছিলো। এবারের প্রাথমিক পরীক্ষায় পাসের হার ৯ দশমিক ৭২ ভাগ।

সহকারী জজ নিয়োগের লক্ষ্যে গত ৪ মে সপ্তদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের পরীক্ষায় ১০০ জন সহকারী জজ নিয়োগ করা হবে।