ভাঙ্গায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৪০ 

ফরিদপুর-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই চালকসহ নিহত হয়েছেন ৩ জন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছে আরও ৪০ জন যাত্রী।

বুধবার (১৭ জুলাই) বিকালে পূর্ব সদরদী বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় জনতা, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে গুরুতর আহতদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজে পাঠান। 

দুর্ঘটনায় নিহতেরা হলেন, শাহজালাল পরিবহনের চালক পান্নু সর্দার (৫৫) ও একই গাড়ির আরও ২ জন অজ্ঞাত যাত্রী। 

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি খাইরুল আনাম বলেন, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা বিআরটিসি পরিবহন ও বিপরীত দিক থেকে আসা ফরিদপুরগামী শাহজালাল পরিবহনের একটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটি সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। 

দুর্ঘটনার কারণে রাস্তার দুই পাশে শত শত গাড়ি আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। গাড়ি দুটিতে প্রায় শতাধিক যাত্রী ছিলো বলে জানা গেছে।