টেকনাফের নাফ নদীতে শাহ পরীরদ্বীপগামী দুটি যাত্রীবাহী ট্রলার লক্ষ্য করে মিয়ানমার সীমান্ত থেকে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। দেড় শতাধিক গুলিবর্ষণ করা হয় বলে উল্লেখ করেছেন ট্রলারে থাকা যাত্রীরা। তবে কারা এ গুলি বর্ষণ করেছেন সেটি জানা যায়নি। আজ বুধবার দুপুর ২টার পর টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটের নাফ নদীর গোলারচরে এ ঘটনা ঘটে।
সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতি আব্দুর রশিদ বলেন, আজ দুপুরের দিকে সেন্টমার্টিন থেকে দুটি সার্ভিস ট্রলার ৭০ জন যাত্রী নিয়ে টেকনাফের শাহপরীর দ্বীপের দিকে যাচ্ছিল। ট্রলার দুটি নাফনদীর গোলারচরের কাছাকাছি পৌঁছলে মিয়ানমার সীমান্ত থেকে আনুমানিক দেড় শতাধিক রাউন্ড গুলি করা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। যাত্রীদের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য ছিল।
শাহপরীর দ্বীপ জেটিঘাটের বাসিন্দা মো. আমান উল্লাহ বলেন, সেন্টমার্টিন থেকে যাত্রী নিয়ে আসার সময় গোলারচরের কাছাকাছি এলে মিয়ানমার থেকে গুলি শুরু হয়। এরপর ট্রলার দুটি ঝাউবাগান পার হয়ে শাহপরীর দ্বীপে আসা পর্যন্ত অনবরত গুলি করা হয়। পরে ট্রলার দুটি যাত্রী নামিয়ে দিয়ে টেকনাফ জেটিঘাটে দিকে চলে যান।
বৈরী আবহাওয়ার কারণে গত ২৯ জুন সেন্টমার্টিনে স্থগিত হওয়া টেকনাফ উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ ৫ জুন অনুষ্ঠিত হয়। নির্বাচনী কাজ শেষে ফেরার পথে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বহনকারী ট্রলারে নাফনদীর নাইক্ষ্যংদিয়া পয়েন্টে গুলি করা হয়। এরপর ৮ জুন আরেকটি ট্রলারকে লক্ষ্য করে গুলি করা হয় একই পয়েন্টে। সর্বশেষ ১১ জুন আরেক স্পিডবোটকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়।