নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিভিন্ন হল শাখার ১০ ছাত্রলীগ নেতা পদত্যাগ করেছেন। বুধবার (১৭ জুলাই) রাত ১২টা পর্যন্ত নোবিপ্রবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, হযরত বিবি খাদিজা হল ও ভাষা শহীদ আব্দুস সালাম হলে ছাত্রলীগের এসব নেতারা স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারী ছাত্রলীগ নেতারা হলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সাংগঠনিক সম্পাদক জুবাইয়া হোসেন ঐশী, হাবিবা সুলতানা রিমা, সানজিদা আক্তার সামিরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সহ-সভাপতি সানজিদা মীম, সৈয়দা সাবিহা নাওয়ার, যুগ্ম-সাধারণ সম্পাদক ফাতিমা নাহিন। হযরত বিবি খাদিজা হলের সহ-সভাপতি মৃত্তিকা দাস, সাংগঠনিক সম্পাদক কায়নাত তাছনিয়া, নাহিন বিনতে ওহাব এবং ভাষা শহীদ আব্দুস সালাম হলের উপ-টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক সম্পাদক মো. ইয়াকুব আলী।
পদত্যাগের ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। এক নেত্রী লিখেছেন, ‘গত ১৫ তারিখ থেকে তিনবার লিখেও পোস্ট করার সাহস পাইনি। আমার ছোটভাই মাশরাফি হাসপাতালে মৃত্যুশয্যায়। আমার নিজের ওপর ঘৃণা হচ্ছে। লাশের পর লাশ ফেলানোর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি ছাত্রলীগকে সমর্থন করিনি। আমি এ সংগঠন থেকে পদত্যাগ করলাম।’
নোবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ গণমাধ্যমকে বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা অব্যাহতির আবেদন দিয়েছে। কেউ ব্যক্তিগত কারণে অব্যাহতি চাইলে আমাদের কিছু বলার নাই। এটা তাদের গণতান্ত্রিক অধিকার।