কোটা আন্দোলন

ফেসবুক লাইভে জাজিরা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদত্যাগ

চলমান কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে শরীয়তপুরের জাজিরা উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দিদার সরদার পদত্যাগ করেছেন।

বুধবার (১৭ জুলাই) দুপুরে তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে পদত্যাগের ঘোষণা দেন।

ফেসবুক অ্যাকাউন্টের লাইভে দিদার সরদার বলেন, ‘মুক্তিযোদ্ধারা আমার কাছে সবচেয়ে সম্মান এবং শ্রদ্ধার। তারা জাতির শ্রেষ্ঠ সম্পদ। আওয়ামী লীগ দেশের ব্যাপক উন্নয়ন করেছেন। তা অমান্য করার কোনো সুযোগ কারো নেই। ব্যক্তিগতভাবে আমি মনে প্রাণে আওয়ামী লীগকেই পছন্দ করি। তাই আমি ছাত্রলীগের একজন কর্মী ছিলাম। ছাত্রলীগ আমার আবেগ ছিল। আমি ছাত্রলীগের বড় ভাইদের আইডল মনে করতাম। ছাত্রলীগের কর্মী হতে পেরে নিজেকে নিয়ে গর্ব করতাম।

কিন্তু আজ এই ছাত্রলীগের হাতেই সাধারণ ছাত্র-ছাত্রী এভাবে মার খাবে,  হত্যা হবে এটা কখনো ভাবতে পারিনি। তারা অধিকার চেয়েছিল। এটাই তাদের অপরাধ। এজন্য যদি তাদের ওপর ছাত্রলীগ এভাবে দেশীয় অস্ত্র লাঠি, বন্দুক, বোমা ইত্যাদি নিয়ে হামলা করতে পারে তাহলে তারা আর কি না করতে পারবে। এই ছাত্রলীগ হচ্ছে ছাত্র-ছাত্রীদের অধিকার আদায়ের জন্য কাজ করবে। কিন্তু তারা এসব কি করছে। আজকে এই ছাত্রলীগ পরিচয় দিয়ে আমার বাবা-মাকে গালি শুনাতে চাই নাহ। আমার বাবা মা আমাকে ন্যায়ের শিক্ষা দিয়েছেন। আমি জাজিরা উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলাম। আমি আজ স্ব-জ্ঞানে, স্ব-ইচ্ছায় ছাত্রলীগ থেকে পদত্যাগ গ্রহণ করলাম।’

জানা যায়, দিদার সরদার স্কুল জীবন থেকেই ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হয়। এরপর উচ্চমাধ্যমিকে অধ্যায়নরত অবস্থায় তার নিজ এলাকা বড়কান্দি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পদের দায়িত্ব পালন করেন। ২০২০ সালে জাজিরা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পান।

বিষয়টি নিয়ে দিদার সরদার এর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘যে পরিচয় দিলে বাবা মাকে বকা শুনতে হয় সেই পরিচয় থেকে নামটা মুছে নিলাম। ভালো থাকুক প্রাণের সংগঠন।’

এ বিষয়ে শরীয়তপুর জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান বলেন,  ছাত্রলীগের কোনো নেতাকর্মী স্বাধীনতার সার্বভৌমত্বের বিপক্ষে এবং মুক্তিযোদ্ধার বিপক্ষে যাইতে পারে না। যদি কেউ ছাত্রলীগের অনুপ্রবেশকারী হয়ে থাকে তাহলে তাদের স্বার্থ হাসিল হয়ে গেলে তারা যেতে পারে।