রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত

রাজধানীর উত্তরখান থানার শহীদ নগর এলাকায় সোমবার দিবাগত রাতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত হয়েছেন। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে। নিহত মাদকবিক্রেতার নাম আনোয়ার হোসেন। তার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তিনি ঢাকার দক্ষিণখান এলাকায় বসবাস করতেন। 

র‌্যাব জানায়, শহীদ নগর এলাকায় মাদকবিক্রেতারা অবস্থান করছেন এমন খবরের ভিত্তিতে র‌্যাবের একটি টহল দল অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদকবিক্রেতারা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি করে। এক সময় তারা পিছু হটতে বাধ্য হয়।

আরো পড়ুন: কিম ড্যারকের উপর ‘পূর্ণ আস্থা’ রয়েছে থেরেসা মে’র

পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মাদকবিক্রেতা আনোয়ারকে উদ্ধার করে র‌্যাব। স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ইয়াবা, একটি শর্টগান ও ছয়টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। র‌্যাব-১ এর স্কোয়াড কমান্ডার এএসপি মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/আরকেজি