কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকদের মৌন মিছিল

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মৌন মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষকরা। 

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ থেকে ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’ ব্যানারে একটি মৌন মিছিল শুরু হয়। 

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে নতুন কলা ভবনের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষকরা। 

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক এবং ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. নুরুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা নায্য দাবি আদায়ের জন্য আন্দোলন করছিলো। সেই আন্দোলনকে নসাৎ করার জন্য পুলিশ হামলা করেছে। বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য ক্যাম্পাসে আইন-শৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাই।

সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মো. শামছুল আলম বলেন, পুলিশের এ ধরনের হামলার প্রতি আমরা ধিক্কার জানাই। এই প্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসন বলতে কিছুই ছিল না৷ প্রশাসনের কর্তা-ব্যক্তিদের কেউ ছিল না৷ কেন তাদের এতো ভয়? তারা গদি টিকিয়ে রাখার জন্য পুলিশকে হামলার নির্দেশ দিয়েছে৷ তারাই হামলার আমন্ত্রণ জানিয়েছে৷ আমাদের ক্ষমতালোভী কিছু শিক্ষক রয়েছেন, তারাই কাজগুলো করে যাচ্ছেন।