কক্সবাজারে আটকে পড়া ৩ হাজার পর্যটককে ঢাকায় পৌঁছে দিলো প্রশাসন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সৃষ্ট সহিংসতার জেরে কক্সবাজারে আটকে পড়া ৩ হাজারের মতো পর্যটককে শতাধিক বাসে ঢাকা পৌঁছে দিয়েছে জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার সকালে তিন ধাপে কলাতলি ডলফিন মোড় হতে পর্যটকবাহী বাসগুলো কক্সবাজার ছেড়ে যায় বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আতাউল গনি ওসমানি। 

তিনি জানান, গত ১৭ জুলাই বা তার আগে কক্সবাজারে বেড়াতে এসে আটকে পড়া পর্যটকদের মঙ্গলবার বিভিন্ন কোম্পানির ৭৮টি বড় বাস, পর্যটকদের নিজস্ব গাড়ি ও ২২ থেকে ২৫টি মাইক্রোসহ শতাধিক পরিবহনে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়।

সকাল সাড়ে ৮টা, সকাল সাড়ে ৯টা এবং সকাল সাড়ে ১০টা তিন ধাপে ছেড়ে দেওয়া বাসের সারির সামনে ও পেছনে ছিল সেনাবাহিনী ও পুলিশের টিম। পর্যটকবাহী বাস, প্রাইভেট কার ও মাইক্রোগুলো ঢাকা বাস স্টেশন পর্যন্ত পৌঁছে দেওয়া হবে বলে জানান এডিএম। কক্সবাজারের তারকা হোটেল ওশান প্রাডাইজের পরিচালক আবদুল কাদের মিশু বলেন, অনাকাঙ্ক্ষিত দুর্যোগে কক্সবাজারে আটকে পড়া পর্যটকদের পূর্বের মতো সব ধরনের মানবিক সহযোগিতা দেওয়া হয়েছে। হোটেলে অবস্থান করা পর্যটকদের ন্যূনতম টাকায় থাকার ব্যবস্থা করা হয়েছিল। টাকা না দিতে পারলেও তাদের কোনো অসুবিধা হয়নি। এদিকে পর্যটকদের বাড়ি পৌঁছাতে প্রশাসনের মঙ্গলবারের উদ্যোগ সম্পর্কে না জানা আরও বেশ কিছু পর্যটক কক্সবাজারে রয়ে গেছেন বলে জানিয়েছেন তাদের স্বজনরা। তারাও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ফিরে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন।