পিটিআই সদরদপ্তরে পুলিশের তল্লাশি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ইমরান খানের দলের সদরদপ্তরে তল্লাশি চালিয়েছে পুলিশ। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফফপি।

সোমবার (২২ জুলাই) এ তল্লাশি অভিযান চালানো হয় বলে দলের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পিটিআই।

এক সপ্তাহ আগে দেশটির সেনা সমর্থিত সরকার ইমরান খানের দলকে নিষিদ্ধ ঘোষণা করার কথা জানায়। এরপরই এই অভিযান চালানোর ঘটনা ঘটল।সদরদপ্তরে তল্লাশি অভিযানের সময় পিটিআইয়ের নেতাকর্মীদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন বার্তা সংস্থা এএফপির একজন সাংবাদিক।

পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দলের বর্তমান চেয়ারম্যান গহর আলী খানকে আটক করা হয়েছে। তবে ইসলামাবাদের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গহর আলীকে আটক করা হয়নি। তবে পিটিআইয়ের সাংগঠনিক সদস্য ও দলটির গণমাধ্যম প্রধান রাওফ হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।