১০ বছর ধরে ব্যর্থ, অবশেষে একরাতেই শ্রমিকের ভাগ্যবদল

একেই বলে কপাল! এক রাতেই ভাগ্য বদলে গেলো ভারতের মধ্যপ্রদেশের একজন দিনমজুরের। খনিতে খুঁজে পেয়েছেন ১৯ দশমিক ২২ ক্যারেটের হীরা। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি নিলামে হীরাটি এক কোটি ১২ লাখ টাকার বেশি দামে বিক্রি হতে পারে। খবর বিবিসির।

খবরে বলা হয়েছে, হীরা পাওয়ার আশায় রাজু গৌড় নামের ওই শ্রমিক গত ১০ বছরের বেশি সময় ধরে পান্না সিটিতে খনি ইজারা নিয়ে খনন করে আসছিলেন। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলে পান্না জেলার অবস্থান। অঞ্চলটির বিভিন্ন জেলায় অসংখ্য হীরার খনি রয়েছে। এসব খনি অনেক শ্রমিক ইজারা নেন।  

ভারতের কেন্দ্রীয় সরকারের ভূতাত্ত্বিক বিভাগের তথ্য অনুযায়ী, বুন্দেলখণ্ড অঞ্চলের জেলাগুলোর বিভিন্ন খনিতে ১২ লাখ ক্যারেটের সমপরিমাণ হীরা মজুদ রয়েছে।  

রাজু জানান, সকালে তিনি খনিতে খননের কাজ শুরু করেন এবং রুটিন মাফিক তা চলতে থাকে। গত ১০ বছর ধরে তিনি বর্ষাকালে হীরার সন্ধানে সরকারি অফিস থেকে খনি ইজারা নিয়ে খননকাজ চালিয়ে আসছেন।

রাজু বলেন, আমি ভাবতেও পারিনি এমনভাবে আমার ভাগ্য খুলে যাবে। তিনি আরও বলেন, নিলামের পর আমি যে অর্থ পাবো তা আমার অর্থনৈতিক দুর্দশা লাঘব করবে এবং এই অর্থ দিয়ে আমি আমার সন্তানদের পড়াশুনার খরচ চালাবো।

গতকাল বুধবার হীরা পাওয়ার পর তা সরকারি অফিসে জমা দেন রাজু। পান্নার ডায়মন্ড অফিসের কর্মকর্তা অবুপম সিং বলেছেন, পরবর্তী নিলামে এই হীরা বিক্রির জন্য তোলা হবে।

বিবিসিকে রাজু জানান, হীরা থেকে পাওয়া অর্থ দিয়ে তিনি ভালো একটি বাড়ি নির্মাণ করবেন। তবে প্রথমে ধারের পাঁচ লাখ রুপি প্রথমে শোধ করতে চান রাজু।