১৬ জুলাই বার্নাব্যুতে ৮০ হাজার সমর্থক ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে নিজেদের ঘরে বরণ করে নিয়েছে। তখন তাকে দেখে মনে হয়েছে যেন কোনো রাজার রাজ্য অভিষেক হচ্ছে। সেসময় নিজের স্বপ্নের ক্লাবে আসতে পেরে এই ফরাসি বিশ্বকাপ জয়ী ফুটবলার বলেন, 'আমার স্বপ্ন সত্যি হলো। বিশেষ কিছু অর্জন করা। বিশ্বের সেরা ক্লাবের প্রত্যাশা ও মান পূরণ করা। আমি এই ক্লাবের জন্য আমার সর্বোচ্চটা দেব। প্রয়োজন হলে আমি আমার জীবন দিয়ে দিব।'
এছাড়াও তাকে অভিনন্দন জানাতে বার্নাব্যুতে আসা দর্শকদের উদ্দেশে এমবাপ্পে বলেন, 'আমি সবসময় এই স্বপ্ন দেখেছি। আমি মাদ্রিদিস্তাসকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে এত ভালোবাসা দিয়েছে। আমি তাদের হৃদয় থেকে ধন্যবাদ জানাতে চাই, আজ এখানে থাকাটা আমার কাছে অর্থ বহন করে।'
রাজকীয় বরণ তো হলো। এবার রিয়াল মাদ্রিদের সমর্থকের একটাই প্রশ্ন। কবে মাঠে দেখা যাবে তাদের নয়া সুপারস্টারকে। আগামী ১ তারিখে নতুন মৌসুমে প্রথম ম্যাচে এসি মিলানের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। তবে সেটা প্রীতি ম্যাচ হওয়াতে রিয়ালের নতুন তারকাকে সেই ম্যাচে দেখার সম্ভাবনা নেই বললেই চলে। এছাড়াও ৩ আগস্ট চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে মাঠে নামার পাশাপাশি ৫ তারিখ রাতে চেলসির বিপক্ষে মাঠে নামবে স্প্যানিশ জায়ান্টরা। তবে সেসব ম্যাচ গুরুত্বপূর্ণ না হওয়ায় এমবাপ্পেকে সবুজ গালিচায় দেখায় সম্ভাবনাও নেই।
কিন্তু আগামী ১৪ তারিখে উয়েফা সুপার কাপের ফাইনালে ইতালিয়ান ক্লাব আটলান্টার বিপক্ষে মাঠে নামবে কার্লো আনচেলত্তির শিষ্যরা। সেই ম্যাচে রিয়ালের জার্সিতে অভিষেক হবে এই ফরাসি তারকার। যা ইতিমধ্যে নিশ্চিত করেছে রিয়াল কর্তৃপক্ষ। ম্যাচটি অনুষ্ঠিত হবে পোল্যান্ডের ওয়ারশ ন্যাশনাল স্টেডিয়ামে। সেই ম্যাচে জয় পেলে প্রথম ম্যাচে ট্রফি জয়ের স্বাদ পাবে এই তারকা ফরোয়ার্ড। সেই সঙ্গে নিজের স্বপ্ন পূরণের জন্য আরও একধাপ এগিয়ে যাবে এমবাপ্পে।
অনেকের মতে রিয়াল মাদ্রিদের খেলায় নতুন এক সম্ভাবনা তৈরি করছে এই বিশ্বকাপ জয়ী তারকা। সেই সঙ্গে কোচ আনচেলত্তির কাজটাও আরও সহজ হয়ে উঠবে। এছাড়াও অনেকের মতে বিশ্বের সবচেয়ে তারকা ঠাসা দল এখন ১৫ বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলটি। কেননা ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র, ইংলিশ তারকা মিডফিল্ডার জুড বেলিংহ্যামের সঙ্গে ফুটবলে এক নতুন মাত্রা যোগ করবেন তিনি।
এর আগে ২০১৮ মৌসুম শেষ করে রিয়াল মাদ্রিদ ছাড়েন ক্লাবটি ইতিহাসে অন্যতম কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ এই মহাতারকা মাদ্রিদ ছাড়ার পর এখন তার যোগ্য উত্তরসূরি কেউ হয়ে উঠতে পারেনি। এবার ক্লাবটির ভক্ত- সমর্থকরা আশায় বুক বাধছে ফরাসি তারকাকে নিয়ে। অনেকের মতে কিলিয়ান এমবাপ্পে হয়ে উঠবেন পর্তুগিজ তারকার যোগ্য উত্তরসূরি। রিয়াল মাদ্রিদ পাবে আরেক কিংবদন্তি।