রাজাপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, গৃহকর্তা খুন

ঝালকাঠির রাজাপুরে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় গৃহকর্তা আব্দুল হক (৫৫) খুন হয়েছেন। সোমবার গভীর রাতে উপজেলা সদরের ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন নিহতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার সময় বাড়িতে ঐ দম্পতি ছাড় অন্য কেউ ছিল না। 

প্রত্যক্ষদর্শী আব্দুল হকের স্ত্রী মোসাঃ লিলু বেগম জানান, সোমবার গভীর রাতে আনুমানিক ২টার সময় ৭/৮ জনের মুখোশধারী একটি ডাকাত দল ভবনের সামনের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় গৃহকর্তা আব্দুল হকের বুকে ডাকাত দল পা দিয়ে আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন। লিলু বেগমকে দেশীও অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ২ ঘন্টাব্যাপী ঘরের মধ্যে তাণ্ডব চালিয়ে নগদ ৭০ হাজার টাকা, সাড়ে তিন ভরি স্বার্ণালংকারসহ মূল্যবান মালামাল হাতিয়ে নিয়ে ডাকাত দল পালিয়ে যায়। 

ডাকাত দল যাওয়ার পরে নিহতের স্ত্রীর ডাক চিৎকারে তার ভাই আব্দুল সালাম পাশের বাড়ি থেকে ছুটে আসে। আব্দুল সালাম বলেন, ‘বোনের ডাক চিৎকার শুনে ঘটনাস্থলে এসে আব্দুল হককে অচেতন অবস্থায় দেখে ডাক্তার আনতে মেডিকেলে যাই। ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করেন।’

এলাকাবাসী জানায়, সকাল বেলা খবর পেয়ে এসে আব্দুল হককে মৃত অবস্থায় দেখতে পেয়ে তারা থানা পুলিশে খবর দেয়। রাজাপুর থানা পুলিশ ঘটনা স্থলে এসে রাস্তার পাশ থেকে একটি সাবল ও কাপড়ে জড়ানো লুট হওয়া এলিডি টিভি উদ্ধার করে। 

স্বজনদের দাবি সংঘবদ্ধ ডাকাত দল সামনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। প্রকৃতপক্ষে দরোজা ভাঙার জন্য সাবলের আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। এই ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনসহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অনুসন্ধানের জন্য বাংলাদেশ পুলিশের পিবিআই, ডিবি, সিআইডিসহ বিভিন্ন সংস্থা ঘটনাস্থলে কাজ করছে।

সহকারী পুলিশ সুপার (রাজাপুর-কাঁঠালিয়া সার্কেল) মো. শাখাওয়াত হোসেন বলেন, ‘গৃহকর্তা আবদুল হকের শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই তিনি ডাকাতের হামলায় নিহত হয়েছেন কি-না তা নিশ্চিত নই। মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

আরও পড়ুন: চৌমুহনী শহরের কলেজ রোড চলাচলের সম্পূর্ণ অযোগ্য

রাজাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন জানান, ঘটনার তদন্ত চলছে, লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। নিহত আবদুল হক ওই এলাকার মৃত আলী আজিমের ছেলে দীর্ঘদিন প্রবাসে ছিলেন। বর্তমানে তার দুই ছেলে প্রবাসে থাকেন। রাতে বৃষ্টি হওয়ার কারণে ডাকাতির বিষয়টি প্রতিবেশীরা কেউ টের পায়নি।

ইত্তেফাক/নূহু