নরসিংদীতে হামলায় ১১ মামলা, আটক আরও ১ জঙ্গি

নরসিংদীতে কারাগারসহ জেলার বিভিন্ন স্থাপনায় হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের বিভিন্ন ঘটনায় ১১টি মামলা হয়েছে। এ ছাড়া পলাতক আরও ১ জঙ্গিকে আটক করেছে পুলিশ। 

২৬ জুলাই (শুক্রবার) সকালে নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ‘নতুন ১১টি মামলা রুজু করা হয়েছে। এসব মামলায় ১৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত বিভিন্ন দপ্তর কর্তৃক আরও মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জেল পলাতক জঙ্গি সদস্য জুয়েল ভূঁইয়াকে(২৬) আটক করা হয়েছে। এর আগে আরও ৩ জঙ্গি সদস্যকে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়।’

পুলিশ সুপার আরও জানান, ‘গত শুক্রবার হামলার সময় জেলা কারাগার থেকে লুট হওয়া অস্ত্র-গুলির মধ্যে এখন পর্যন্ত ৪৫টি অস্ত্র ও ১ হাজার ৯১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।’

উল্লেখ্য, গত ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে আততায়ীদের হামলায় অগ্নিসংযোগ, অস্ত্র-গোলাবারুদ ও খাদ্য লুটপাটের ঘটনা ঘটে। এতে কারাগার থেকে ৮৫টি অস্ত্র ও ৭ হাজার গুলি লুট করা হয়। এ ছাড়া ৯ জঙ্গিসহ ৮২৬ জন কয়েদি পালিয়ে যায়।