খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

খুলনায় বিদেশি অত্যাধুনিক পিস্তল ও তিন রাউন্ড পিস্তলের গুলিসহ লিটন বিশ্বাস ওরফে লিটন দেওয়ান (৩৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত সোমবার রাতে ডুমুরিয়া উপজেলার হাসানপুর খেয়াঘাট সংলগ্ন ব্রিজের কাছ থেকে তাকে পিস্তল ও কার্তুজসহ গ্রেফতার করা হয়।

খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) তোফায়েল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার ডুমুরিয়া উপজেলার হাসানপুর খেয়াঘাট সংলগ্ন ব্রিজের ওপর গোয়েন্দা পুলিশের চেকপোস্ট বসানো হয়। রাত সোয়া ৮টার দিকে ডুমুরিয়া উপজেলা সদরের দিক থেকে আসা একটি মোটরসাইকেলে আসা তিন যাত্রীকে দাঁড়ানোর জন্য সিগন্যাল দেওয়া হয়। তখন মোটরসাইকেলের চালকসহ তারা সিগন্যাল উপেক্ষা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় চালকসহ দুজন পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ মোটরসাইকেলের পেছনে থাকা লিটন বিশ্বাস ওরফে লিটন দেওয়ানকে আটক করতে সক্ষম হয়। পরে তার শরীর তল্লাশি করে জিন্সের প্যান্টের পেছনে কোমরে গোজা অবস্থায় ৩ রাউন্ড গুলি লোড করা একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

গ্রেফতার লিটন ডুমুরিয়া উপজেলার মিকশিমিল গ্রামের মৃত আবুল কাশেম বিশ্বাসের ছেলে।

আরও পড়ুন: মঠবাড়িয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম

ওসি জানান, গ্রেফতার লিটন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তার বিরুদ্ধে ডুমুরিয়াসহ বিভিন্ন থানায় বিষ্ফোরক, অপহরণ, চাঁদাবাজি, মাদকসহ অপরাধমূলক ৫/৬ টি মামলা রয়েছে। লিটনের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের এসআই (নিঃ) লুৎফর রহমান বাদী হয়ে ডুমুরিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।

ইত্তেফাক/নূহু