কলেজ নির্ধারিত জিপিএ রেখেই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি উন্মুক্ত করে দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী একাদশ শ্রেণিতে যে সকল শিক্ষার্থী এখনো পর্যন্ত ভর্তি হতে পারেনি বা ভর্তি হয়নি তাদের ম্যানুয়াল পদ্ধতিতে চতুর্থ ধাপে আগামী ১০-১৬ জুলাই পর্যন্ত কলেজে গিয়ে আবেদন জমা দিতে পারবে। এক্ষেত্রে আবেদনকৃত শিক্ষার্থী সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত ন্যূনতম জিপিএ থাকা সাপেক্ষে আবেদন করতে পারবে।
ভর্তির বাইরে থাকা শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ দিতে ম্যানুয়াল পদ্ধতি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। যে সকল কলেজে শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন প্রদান করতে পারবে ঐসব প্রতিষ্ঠানের শূন্য আসনের তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রদর্শিত আছে। এতে শিক্ষার্থীরা ঐ তালিকা ধরেই কলেজ পছন্দ করে ভর্তির জন্য আবেদন জমা দিতে পারবে। তবে শিক্ষার্থীকে আগে দেখতে হবে তার প্রাপ্ত জিপিএ-এর সঙ্গে কলেজ নির্ধারিত জিপিএ-র মিল রয়েছে কিনা। এরপর ভর্তির সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট শিক্ষার্থী ক্লাসে অংশগ্রহণ করবে।
কলেজসমূহ প্রাপ্ত আবেদন বিবেচনা করে শূন্য আসনের ভিত্তিতে মেধাভিত্তিক ভর্তিযোগ্য তালিকা আগামী ১৮ জুলাই প্রকাশ করবে। এরপর ২০-২৭ জুলাই পর্যন্ত শূন্য আসনে ভর্তি করতে পারবে কলেজগুলো। ৩০ জুলাই-এর মধ্যে ম্যানুয়ালি ভর্তিকৃত শিক্ষার্থীদের তালিকা বোর্ডে জমা দিবে কলেজগুলো। এছাড়া ৩০ জুলাইয়ের মধ্যে ম্যানুয়াল ভর্তির জন্য শিক্ষার্থী প্রতি ভর্তি ফি বাবদ ৪৪৫ টাকা সোনালী সেবার মাধ্যমে সংশ্লিষ্ট বোর্ডে জমা দিতে হবে। ম্যানুয়াল ভর্তি নিয়ে যাতে কোনো ধরনের অনিয়ম না হয় সে বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সতর্ক থাকতে বলেছে আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি।
ভর্তি না হতে পারা শিক্ষার্থীর সংখ্যা প্রায় সোয়া লাখ। এরা নানা কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি হতে পারেনি। সূত্র জানায়, এ বছর আটটি সাধারণসহ মোট ১০টি বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ জন শিক্ষার্থী পাস করে। তাদের মধ্যে আটটি বোর্ডে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীর সংখ্যা মোট ১৪ লাখ ৩ হাজার ১৫৭ জন। আর একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেছিল ১৩ লাখ ৬৬ হাজার ৪৪৯ জন। সূত্র জানায়, এর মধ্যে ৮৭ হাজার ৩৭২জন শিক্ষার্থী রয়েছে যাদের ভর্তির জন্য আন্তঃশিক্ষা বোর্ড কলেজ নির্বাচন করে দিলেও তারা নিশ্চিত করেনি। আর ৩৪ হাজার ১১৯ জন শিক্ষার্থী রয়েছে যারা ভর্তির জন্য আবেদন করলেও তাদের এখনো কলেজ নির্বাচন করে দিতে পারেনি বোর্ড। যাদের মধ্যে বেশির ভাগ শিক্ষার্থীই জিপিএ-৫ পাওয়া।
তিন ধাপে মোট ১৩ লাখ ৩২ হাজার ৩৩০ জন শিক্ষার্থীকে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কলেজ নির্বাচিত করে দেওয়া হয়েছে। এর মধ্যে ১৩ লাখ ১৩ হাজার ৩২৫ জন কলেজ নিশ্চিত করেছে। আর এদের মধ্যে ১২ লাখ ৪৪ হাজার ৯৫৮ জন শিক্ষার্থী কলেজ ক্যাম্পাসে গিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছে। অন্যদিকে এসএসসি পাস করেও আবেদন করেনি এমন শিক্ষার্থীর সংখ্যা ৩৬ হাজার ৭০৮ জন।