চট্টগ্রামে শিবির ক্যাডারসহ বিভিন্ন স্থানে গ্রেপ্তার ১২৩

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় চট্টগ্রামে শিবির ক্যাডারসহ দেশের বিভিন্ন স্থানে আরো ২২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

চট্টগ্রাম অফিস : কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় শিবির ক্যাডার মো. সরওয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে নগরীর বালুচড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে নগরীর বহদ্দারহাটে সহিংসতার মূল পরিকল্পনাকারী হিসেবে সরওয়ারের নাম তদন্তে উঠে এসেছে। এর ভিত্তিতে বালুচড়া এলাকা থেকে তাকে  গ্রেপ্তার করা হয়।

নাটোর : কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা, নাশকতা ও সংঘর্ষের অভিযোগে নাটোরে জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খানসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন—জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খান, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মীর সাজেদুল ইসলাম, জেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রফিক, লালপুর উপজেলা ছাত্রদলের সভাপতি হাসান আলী, আড়বাব ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু সাঈদ সোহাগ, উপজেলার কদিমচিলান ইউনিয়ন জামায়াতের আমির সাহাবুল ইসলাম রয়েছেন।

খুলনা অফিস : সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে নাশকতার অভিযোগে খুলনা মহানগরীর চারটি থানায় পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে। এ চারটি মামলায় সহস্রাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। এরমধ্যে ১০৩ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এছাড়া বিভিন্ন সময় নাশকতার অভিযোগে জেলা পুলিশ পৃথক অভিযান চালিয়ে আরো ৯৭ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার আসামিদের সবাই বিএনপি ও জামায়াতে ইসলামের নেতাকর্মী। তবে গ্রেপ্তারকৃতদের মধ্যে কোনো শিক্ষার্থী নেই বলে পুলিশ দাবি করেছে।

বটিয়াঘাটা (খুলনা) : কোটা সংস্কার আন্দোলন চলাকালে নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ রবিবার লিপটন শেখ (৩২) নামে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে গত পাঁচ দিনে বিএনপি জামায়াতের মোট ১৯ জন গ্রেপ্তার হলো। এছাড়া এলাকা ছেড়ে পালিয়েছেন শতাধিক নেতাকর্মী।

খানসামা (দিনাজপুর) : নাশকতার প্রস্তুতির মামলায় দিনাজপুরের খানসামা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রউফকে আটক করেছে থানা পুলিশ সদস্যরা। শনিবার রাতে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ছিট আলোকডিহি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার আব্দুর রউফ আলোকডিহি গ্রামের মো. আজিজুল হকের ছেলে।

সিরাজগঞ্জ : কোটা আন্দোলনকে ঘিরে নাশকতা ও সহিংসতার অভিযোগে দায়ের করা মামলায় গত ২৪ ঘণ্টায় ১২ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে গত ৯ দিনে জেলায় মোট ১৭৯ জনকে গ্রেপ্তার করা হলো।