প্যারিস অলিম্পিক

নাশকতার পর ফ্রান্সের ট্রেন চলাচল স্বাভাবিক

নাশকতার তিনদিন পর স্বাভাবিক হয়েছে ফ্রান্সের দ্রুত গতির ট্রেন সার্ভিস। অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের মাত্র কয়েক ঘণ্টা আগে বেশ কয়েকটি স্থানে দুষ্কৃতিকারীর একযোগে হামলায় ফ্রান্সের দ্রুত গতির ট্রেন সার্ভিস বন্ধ হয়ে যায়। দেশটির ট্রান্সপোর্ট মন্ত্রী প্যাট্রিস ভারগ্রিয়েট জানিয়েছেন সব সমস্যা কাটিয়ে আবারো স্বাভাবিক অবস্থায় ফিরেছে পুরো ট্রেন সার্ভিস।

যদিও নাশকতার মূল কারণ এখনো স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে যাতে আয়োজিত হতে না পারে সেই লক্ষ্যেই এই হামলা চালিয়েছে নাশকতাকারীরা। সোমবার (২৯ জুলাই) সকাল থেকেই সব ট্রেন স্বাভাবিক নিয়ম মেনেই চলাচল করছে বলে আরটিএল রেডিওতে বলেছেন ভারগ্রিয়েট। এ সময় তিনি আরও বলেন হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক মিলিয়ন ইউরো।

হামলার কারণে ফ্রান্সের প্রায় ৮ লাখ যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরও শেষ পর্যন্ত সাত লাখ মানুষ তাদের সফর শেষ করতে পারলেও ১ লাখ যাত্রী ট্রেনের সিডিউল বাতিল হওয়ায় তাদের নির্দিষ্ট গন্তব্যে যেতে পারেনি। আক্রমণের পর ৫০টি ড্রোন, ২৫০টি রেল নিরাপত্তা এজেন্ট ও ১ হাজার রেল রক্ষণাবেক্ষণ কর্মীকে ২৮ হাজার কিলোমিটার দ্রুত গতির ট্রেন নেটওয়ার্কের নিরাপত্তা জোরদারের জন্য নিয়োজিত করা হয়।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমেইন বলেছেন নাশকতার সঙ্গে জড়িত সন্দেহে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে সনাক্ত করা হয়েছে। তাদের হামলার লক্ষ্য বেশ সুস্পষ্ট ছিল।