ব্রিটিশ তারকা অ্যাডাম পিটিকে পেছনে ফেলে ছেলেদের ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সোনা জিতেছেন ইতালির নিকোলো মার্টিনেগি। অলিম্পিকে সাঁতারের অন্যতম আকর্ষণীয় এই ইভেন্টে টানা তৃতীয় স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়ে পুলে নেমেছিলেন পিটি। কিন্তু অল্পের জন্য তাকে রৌপ্য পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।
সপ্তম লেনে থাকা মার্টিনেগি ৫৯.০৩ সেকেন্ডে টার্গেট স্পর্শ করে সোনা জেতেন। ব্রিটিশ ফেভারিট পিটি ও যুক্তরাষ্ট্রের নিক ফিঙ্ক যৌথভাবে ৫৯.০৫ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক ভাগাভাগি করে নিয়েছেন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের কিংবদন্তি মাইকেল ফেলপসের একই ইভেন্টে টানা তৃতীয় অলিম্পিক সোনা জয়ের রেকর্ড স্পর্শ করতে পারলেন না পিটি।
সোনা জয়ের পর উচ্ছ্বসিত মার্টিনেগি বলেন, ‘এটা সত্যিই অভাবনীয়। আমার স্বপ্ন আজ পূরণ হয়েছে। সবসময়ই অলিম্পিক চ্যাম্পিয়ন হিসেবে নিজেকে পোডিয়ামে দেখার স্বপ্ন নিয়ে বড় হয়েছি। আজ সেটা সফল হয়েছে।’
তিনি আরও বলেন, ‘অ্যাডাম পিটি আমার আদর্শ। তাকে দেখেই আমি স্বপ্নের জাল বুনেছি। আজ তার, আমার পরিবার এবং সতীর্থদের সামনে স্বর্ণ জয় করেছি, যা অসাধারণ এক অনুভূতি। সাত নম্বর লেন আমার ফেভারিট। আমার কোচও সকালে আমাকে এই লেনের কথাই বলেছিল। ছোট বয়সে আমি সবসময়ই সাত নম্বর লেনেই অনুশীলন করেছি।’