আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (২৯ জুলাই) মধ্যরাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। মঞ্জুর পরিবারের বরাত দিয়ে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটু।
মঙ্গলবার (৩০ জুলাই) সকালে আনোয়ার সাদাত জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে মঞ্জুকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়েছে বলে পারিবারিক সূত্রে নিশ্চিত হয়েছেন। এরপর তাকে কোথায় নেওয়া হয়েছে তা ডিবি থেকে তাদের জানানো হয়নি।
আনোয়ার সাদাত আরও বলেন, মঞ্জু কয়েকদিন ধরে অসুস্থ। তিনি পুলিশের গুলিতে আহত ছিলেন। এমন অবস্থায় মধ্যরাতে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে এবি পার্টি।