এবার কমলা হ্যারিসকে সমর্থন দিলেন সালমান রুশদি

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে এবার ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন জানালেন ভারতীয় বংশোদ্ভূত বিশ্বখ্যাত সাহিত্যিক সালমন রুশদি। তিনি বলেন, ‘কমলার প্রতি আমার এক হাজার শতাংশ সমর্থন রয়েছে। একজন ভারতীয় নারীকে হোয়াইট হাউসের দৌড়ে দেখে আমি রোমাঞ্চিত।’ খবর টাইমস অব ইন্ডিয়ার।

মুম্বাইয়ে জন্ম হলেও বর্তমানে মার্কিন নাগরিক রুশদি। রুশদি বলেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে একনায়কতন্ত্রের দিকে নামিয়ে নিয়ে যাচ্ছে। আর তার গতি রোধ করতে পারেন একমাত্র কমলা হ্যারিসই। 

ট্রাম্পের সমালোচনা করে রুশদি বলেন, তিনি (ট্রাম্প) একজন নিম্নশ্রেণির মানুষ যার মধ্যে কোনো মহৎ গুণ নেই।

‘সাউথ এশিয়ান মেন ফর হ্যারিস’ নামের এক ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন। সেই অনুষ্ঠানে প্রথিতযশা আইনজীবী থেকে শুরু করে লেখক, নীতি বিশেষজ্ঞ, ব্যবসায়ী, বিভিন্ন ক্ষেত্র থেকে প্রতিনিধিরা যোগ দিয়েছিলেন। 

রুশদি বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমি মুম্বাই থেকে উঠে আসা মানুষ এবং একজন ভারতীয় নারীকে হোয়াইট হাউসের জন্য লড়তে দেখা অসাধারণ ব্যাপার। আমার স্ত্রী একজন আফ্রিকান আমেরিকান। এ কারণে একজন কৃষ্ণাঙ্গ ভারতীয় নারীকে প্রার্থী হিসেবে দেখে আমাদের ভালো লেগেছে।’

তিনি আরও মন্তব্য করেন, গত সপ্তাহে প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে কমলা প্রবেশ করার পর মার্কিন রাজনীতিতে ‘বিবর্তন’ এসেছে। হ্যারিসের প্রার্থিতার খবর প্রকাশের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে রাজনৈতিক আলোচনার মোড় পুরোপুরি ঘুরে গেছে, এবং তা ঘটেছে খুবই আনন্দদায়কভাবে।

দুই বছর আগে আততায়ীর ছুরিকাঘাতে এক চোখে দৃষ্টি হারান ‘স্যাটানিক ভার্সেস’ খ্যাত সালমান রুশদি। তার ওপর হত্যাপ্রচেষ্ঠার সঙ্গে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইরানের যোগসূত্র থাকার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। 

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনের দৌড় থেকে নিজেকে সরিয়ে নেন এবং নতুন ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম সুপারিশ করেন। পরবর্তীতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও বিল ক্লিনটনসহ অসংখ্য প্রভাবশালী নেতার সমর্থন পেয়েছেন কমলা।