কুষ্টিয়ায় মাদক মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কুষ্টিয়ার মিরপুর থানায় মাদক মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় দেন। রায় ঘোষনার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১১ সেপ্টেম্বর বিকেলে কুষ্টিয়া ডিবি পুলিশের একটি দল জেলার মিরপুর থানার তাঁতিবন্ধ চারমাইল এলাকার কুষ্টিয়া-মেহেরপুর সড়কে তিন চাকাবিশিষ্ট আলগামন গাড়ি আটক করে তল্লাশি চালায়। এ সময় গাড়িতে বিশেষ কায়দায় রাখা ১৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

এই ঘটনায় গাড়ির চালক ও দুইজন আরোহীকে আটক করে জব্দকৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মিরপুর থানায় মামলা হয়। মিরপুর থানার তদন্তকারী কর্মকর্তা ২০১৮ সালের ১৬ জানুয়ারি আদালতে চার্জশিট জমা দেন। সাক্ষ্য-প্রমাণ ও দীর্ঘ শুনানী শেষে আদালতে মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক আসামিদের বিরুদ্ধে এই রায় দেন।

আরও পড়ুন: রৌমারীতে যুবকের গলাকাটা, ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

দণ্ডপ্রাপ্তরা হলেন, মেহেরপুর জেলার গাংনী উপজেলার মোহাম্ম্দপুর গ্রামের আসাদুলের দুই ছেলে মোঃ মান্নান ও আনিছুর রহমান এবং একই গ্রামের সামাদ আলীর ছেলে আব্দুস সালাম। 

ইত্তেফাক/নূহু