শিবচরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

মাদারীপুরের শিবচরে এক যুক্তরাষ্ট্র প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির সবাইকে বেঁধে রেখে মারধর করে ২০ ভরি স্বর্ণালংকার, নগদ টাকাসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে।

মাদারীপুরের শিবচর ও রাজৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার রব্বানী হোসেন, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদারসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (২ আগস্ট) ভোররাতে উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বাহেরচর গ্রামের আমেরিকা প্রবাসী রুবেল মোল্লার বাড়ির পেছনের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ৭-৮ জনের মুখোশধারী একটি ডাকাতদল। এ সময় ডাকাতরা প্রথমে প্রবাসী রুবেল মোল্লার বাবা রাজ্জাক মোল্লা, মা আজিদুন্নেছা বেগমকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে রশি দিয়ে বেঁধে রাখে। পরে রুবেল মোল্লার স্ত্রী খাদিজা আক্তার, ভাই রিপন মোল্লা ও রিপন মোল্লার স্ত্রী পপি আক্তারকে রশি দিয়ে বেঁধে মারধর করে ডাকাতরা প্রায় ২০ ভরি স্বর্ণালংকার, নগদ ৭২ হাজার টাকাসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এর আগের রাতে ওই বাড়ি সংলগ্ন বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হওয়ায় বাড়িটি বিদ্যুৎবিহীন ছিল। এই সময়টিই বেছে নেয় ডাকাতেরা।

প্রবাসী রুবেলের বাবা রাজ্জাক মোল্লা বলেন, ডাকাতরা বাড়ির পিছনের দরজা ভেঙে আমার রুমে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে প্রথমে আমাকে ও আমার স্ত্রীকে রশি দিয়ে বেঁধে রাখে। পরে বাড়ির অন্যদের রশি দিয়ে বেঁধে স্বর্ণালংকার, নগদ টাকা লুট করে। পরে বাড়ির বাইরে থাকা গাড়িতে করে ডাকাতরা পালিয়ে যায়।

শিবচর থানার ওসি সুব্রত গোলদার বলেন, ডাকাতির ধরন দেখে মনে হচ্ছে এটি পূর্ব পরিকল্পিত। তদন্ত চলছে।