আন্দোলনে সংহতি জানিয়ে সব স্থপতি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ বিবৃতি

শিক্ষার্থী-জনতার চলমান আন্দোলনে সংহতি জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে দেশের সব কটি স্থপতি অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

শনিবার (৩ আগস্ট) এই বিবৃতিটি গণমাধ্যমের কাছে আসে এবং বিভিন্ন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজে একযোগে প্রচার করা হয়।

বুয়েট ও খুলনা বিশ্ববিদ্যালয়সহ দেশের ১৭টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যের সাবেক শিক্ষার্থীদের সংগঠন এই বিবৃতিতে স্বাক্ষর করেছে।

এতে বলা হয়, 'দেশের চলমান পরিস্থিতি নিয়ে আমরা সবাই অবগত। একটি যৌক্তিক ও সুস্পষ্ট অরাজনৈতিক ইস্যু নিয়ে সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করলেও কতিপয় অপরিণামদর্শী বক্তব্য ও উস্কানির কারণে কিছু সংগঠন শিক্ষার্থীদের ওপর হামলা করায় পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচারে গুলিবর্ষণে হারিয়ে যায় অনেক অমূল্য প্রাণ, গুরুতরভাবে অঙ্গহানি ঘটে ও দৃষ্টিহানি ঘটে অসংখ্য।'

'পরবর্তীতে আন্দোলন সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অনৈতিকভাবে গ্রেফতার, আটক ও হয়রানি চলতে থাকে। প্রতিটি বিষয় সংবিধান অনুসারে নাগরিকের মৌলিক অধিকারের বিরোধী বলে প্রতীয়মান।'

স্থপতিদের দাবি হিসেবে বিবৃতিতে বলা হয়, আন্দোলনের প্রতিটি প্রাণহানির সুষ্ঠু বিচার ও তদন্ত করতে হবে। সাধারণ শিক্ষার্থীদের ওপর আর কোনো আঘাত করা যাবে না। আন্দোলন-সংশ্লিষ্ট সকলের সাংবিধানিক ও মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। বেআইনিভাবে আটকে থাকা প্রতিটি শিক্ষার্থীকে মুক্তি দিতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, 'স্থপতিদের মূল দায়িত্ব দেশের ভবিষ্যত বিনির্মাণ করা, এবং এই কাজটি দেশের শিক্ষার্থীদের চেয়ে আর কেউ ভালোভাবে করতে সক্ষম নয়৷ তারাই সহিংসতা ও অবিচারের শিকার হচ্ছে। এ সকল কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে।'

১৭টি স্থপতি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ বিবৃতি

যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী সংগঠনগুলো হলো— আর্কিটেকচার অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বুয়েট, অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব খুলনা ইউনিভার্সিটি আর্কিটেকচার ডিসিপ্লিন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ব্র‍্যাক ইউনিভার্সিটি আর্কিটেকচার, অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব অস্ট আর্কিটেক্টস, দ্য ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক আর্কিটেকচার অ্যালামনাই অ্যাসোসিয়েশন, এনএসইউ আর্কিটেকচার অ্যালামনাই অ্যাসোসিয়েশন, আর্কিটেকচার অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব সাস্ট আর্কিটেকচার, এআইইউবি আর্কিটেকচার অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ আর্কিটেকচার অ্যালামনাই অ্যাসোসিয়েশন, আর্কিটেকচার অ্যালামনাই অ্যাসোসিয়েশন চুয়েট, সাউথইস্ট ইউনিভার্সিটি আর্কিটেকচার অ্যালামনাই অ্যাসোসিয়েশন, লিডিং ইউনিভার্সিটি আর্কিটেকচার অ্যালামনাই অ্যাসোসিয়েশন, আর্কিটেকচার অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউনিভার্সিটি, আর্কিটেকচার অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, শান্তা মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি আর্কিটেকচার অ্যালামনাই অ্যাসোসিয়েশন, এবং এমআইএসটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টস।