মুন্সীগঞ্জে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে নিহত ২

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে মুন্সীগঞ্জে অসহযোগ কর্মসূচি পালনের সময় আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক।

রোববার (৪ আগস্ট) সকালে শহরের সুপার মার্কেটের সামনে মুক্তিযুদ্ধের ভাস্কর্য চত্বরে এবং বঙ্গবন্ধু সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে নিহত দুজনই পুরুষ এবং তাদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে বলে জানা গেছে।

জানা গেছে, শহরের অসহযোগ আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ককটেল বিস্ফোরণের বিকট শব্দে এলাকা প্রকম্পিত হয়ে ওঠে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা সড়কে বিক্ষোভ করে একটি মোটরসাইকেলে আগুন দেন। এ সময় পরিস্থিতি থমথমে হয়ে যায় এবং গোলাগুলির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। ঘটনার কিছুক্ষণ পর স্থানীয়রা দুইজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবু হেনা জামাল দুইজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে আনার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তারা গুলিবিদ্ধ ছিলেন। তাদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান ওসি।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান বলেন, “হতাহতের সংখ্যা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে, পুলিশ কোনও গুলি চালায়নি।”

জেলা প্রশাসক আবুজাফর রিপন জানান, সহিংসতায় দুজনের মৃত্যুর খবর পেয়েছি। তবে তারা আন্দোলনকারী ছিলেন না। এ ঘটনায় পুলিশকে কোনও গুলির নির্দেশনা দেওয়া হয়নি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রীসভার পদত্যাগের এক দফা দাবিতে রোববার সকাল থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।