ভোলার চরফ্যাশনে ট্রলার ডুবির দুই দিন পর চারজনের মরদেহ উদ্ধার করেছে স্বজনরা। রোববার (৪ আগস্ট) সকালে চরফ্যাশন সাগরের মোহনায় ট্রলারে করে স্বজনরা বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে লাশগুলো ভাসতে দেখে উদ্ধার করেন।
উদ্ধার হওয়া চার জন জেলের মধ্যে ছিলেন হোসেন মাঝি (৫০), কবির (৩২), জাহাঙ্গীর মিস্ত্রি (৪৫), এবং বেল্লাল (৫০)। এখনও নিখোঁজ জেলেদের মধ্যে রয়েছেন নুর আলম (৩০), শাহে আলম মোল্লা (৫০), ছাদেক মাল (৬০), এবং সবুজ (৪০)।
শুক্রবার (২ আগস্ট) দুপুরে ঢালচের শিবচর এলাকায় ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়। নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে। উদ্ধার হওয়া ও নিখোঁজ জেলেদের বাড়ি চরফ্যাশনের নুরাবাদ ও আহমেদপুর ইউনিয়নে। বিকালে বাদ আছর জানাজা শেষে পারিবারিকভাবে তাদের দাফন করা হয়।
ট্রলার মালিক রুবেল চৌকিদার জানান, ২৬ জুলাই মাছ ধরতে চরফ্যাশনের আহমেদপুর ইউনিয়নের শুকনাখালী মাছঘাট থেকে ১৩জন জেলে তার ট্রলার নিয়ে শিবচর এলাকায় যায়। ২ আগস্ট শুক্রবার দুপুরে শিবচর থেকে ঘাটে ফেরার পথে ঢেউয়ের তোড়ে ট্রলারটি উল্টে যায়। ট্রলারের চালক দুলালসহ ৫জনকে অন্য ট্রলারের জেলেরা উদ্ধার করলেও ৮জন এখনও নিখোঁজ রয়েছে।
চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, ইতিমধ্যে নিখোঁজ হওয়া ৮ জেলের মধ্যে ৪জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি নিখোঁজ জেলেদের উদ্ধার করতে কোস্ট গার্ড সহায়তা করছে এবং স্বজনরাও নিজেদের উদ্যোগে খোঁজ করছে।