খুলনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খুলনায় সড়ক দুর্ঘটনায় মো. মাসুদ রানা (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মাসুদ নগরীর দৌলতপুর থানার শান্তিনগর এলাকার মৃত বিল্লাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে মাসুদ রানা মোটরসাইকেলে (খুলনা মেট্রো ল-১২-২২৯৩) নগরীর ফুলবাড়ীগেটে আসছিলেন। পথে খানজাহান আলী থানার শিরোমণি মীরবাড়ি এলাকায় সেনাবাহিনীর একজন সদস্যের বাইসাইকেলের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার ওপর ছিটকে পড়েন। এতে বাইসাইকেল চালকের তেমন ক্ষতি না হলেও মোটরসাইকেল চালক মাসুদ রানা গুরুতর আহত  হন।

আরও পড়ুন: শিশু আলামিনের হৃদপিণ্ডে ছিদ্র, সাহায্যের আবেদন

তাকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বিকাল সাড়ে ৫টায় মাসুদ রানা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত মাসুদ রানার স্ত্রী ও সাদিয়া নামের দুই বছরের একটি শিশু কন্যা সন্তান রয়েছে।

ইত্তেফাক/নূহু