বাংলাদেশ নিয়ে অবশ্য ছাত্র আন্দোলনের শুরু থেকেই সংহতি জানিয়েছেন ভারতের সঙ্গীতশীল্পি কবীর সুমন। নিজের ফেসবুকের পাতায় করেছিলেন একের পর এক পোস্ট। এবার শেখ হাসিনার পদত্যাগের পর উচ্ছ্বাসে গান লিখলেন সুমন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গতকাল হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের মানুষ স্বাধীনতার আনন্দে ভাসতেই ফেসবুকে কবীর সুমন লেখেন, ‘সুপ্রভাত নববাংলাদেশ, ইনকিলাব জিন্দাবাদ’।
মঙ্গলবার (৬ জুলাই) স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে লড়াইয়ে নামা আন্দোলনকারীদের জন্য গান বাঁধলেন শিল্পী।
কবীর সুমন গাইলেন, ‘কতদিন কাঁদিনি, কতদিন ভাবিনি, কতদিন জাগিনি এভাবে/ ঐ তো বাংলাদেশ, স্বৈরাচারের শেষ, এ আগুন কেই-বা নেভাবে/ আবার বাঁচতে চাই, মৃত্যুর মুখে ছাই, বাংলা ভাষাই হলো প্রাণ/ মুক্তির এই আলো, বাংলাদেশ জ্বালালো, এ লড়াই মুক্তির গান।’
‘মুক্তির এই আলো, বাংলাদেশ জ্বালালো,এ-লড়াই মুক্তির গান’ ক্যাপশনে ফেসবুকের পাতায় নিজের লেখা ও গাওয়া গানটি শেয়ার করেন কবীর সুমন।