নাফনদী থেকে ২০ রোহিঙ্গার লাশ উদ্ধার 

কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে আবারও ২০ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। পরে স্থানীয় প্রশাসনের সহায়তায় তাদের দাফন করা হয়েছে বলে জানা গেছে। 

বুধবার (৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত টেকনাফের শাহপরীর দ্বীপের তিনটি পয়েন্ট থেকে ২০টি লাশ উদ্ধার করেন স্থানীয়রা। 

জানা যায়, নাফনদীর টেকনাফের শাহপরীর দ্বীপ অংশের মিস্ত্রীপাড়া থেকে ১১টি, পশ্চিম পাড়া থেকে ২টি ও দক্ষিণ পাড়া থেকে ৭টি লাশ উদ্ধার করা হয়েছে। পরে প্রশাসনের সহায়তায় তাদেরকে দাফন করা হয়েছে। মিয়ানমারের রাখাইনের চলমান সংঘাতের জেরে পালিয়ে আসার সময় সাগরে নৌকা ডুবে তারা নিহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

স্থানীয় শাহপরীর দ্বীপের বাসিন্দা আব্দুর রহমান জানান, শাহপরীর দ্বীপের তিনটি পয়েন্ট থেকে ২০ জন রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়। পরে বিকালে লাশগুলো দাফন করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার নারী-পুরুষ ও শিশুসহ ৯ জনের লাশ উদ্ধার করেছিল।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি জানান, স্থানীয়দের মাধ্যমে জেনেছি নৌকা ডুবির ঘটনায় রোহিঙ্গাদের লাশ শাহপরীর দ্বীপের বিভিন্ন অংশ থেকে উদ্ধার করা হয়েছে। পরে তাদেরকে স্থানীয়রা দাফন করেছেন।