কলসিন্দুরের ফুটবল কন্যা মার্জিয়া ও সাজেদা ডেঙ্গু জ্বরে আক্রান্ত, ময়মনসিংহ হাসপাতালে ভর্তি

ময়মনসিংহের ধোবাউড়া কলসিন্দুরের ফুটবল কন্যা মার্জিয়া আক্তার ও সাজেদা খাতুন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ  হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডে তাদের ভর্তি করা হয়। এর আগে তারা সাত দিন যাবৎ জ্বরে ভুগছিলেন।

মার্জিয়া আক্তার ও সাজেদা খাতুন জানান, ২ জুলাই তারা জ্বরে আক্রান্ত হন। পরে ৪ জুলাই রক্ত পরীক্ষা শেষে তারা ঢাকা থেকে গ্রামের বাড়ি কলসিন্দুরে চলে আসেন। সোমবার (৮ জুলাই) রাতে তারা ঢাকায় জানতে পারেন যে, তাদের ডেঙ্গু জ্বর হয়েছে। পরদিন (৯জুলাই) সকালে ধোবাউড়া থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভর্তি হন।

এ সময় কলসিন্দুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের (স্কুল এন্ড কলেজ) সহকারী অধ্যাপক ও কলসিন্দুর নারী ফুটবল দলের ম্যানেজার মালা রানী সরকার উপস্থিত ছিলেন। তিনি জানান, মেয়েরা জ্বরে আক্রান্ত হলে ফুটবল ফেডারেশন কর্তৃপক্ষ তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে সোমবার দিবাগত রাতে ফেডারেশন থেকে জানানো হয় তারা দুজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত। তাই তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছি। দেশবাসীর কাছে দোয়া চাই মেয়েরা যেন দ্রুত সুস্থ হয়ে উঠে।

আরও পড়ুন: খুলনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

ময়মনসিংহ মেডিকল কলেজ হাসপাতালের উপ-পরিচালক লক্ষী নারায়ন মজুমদার বলেন, ‘মেয়েদের শরীরে ডেঙ্গু পজেটিভ পর্যায়ে রয়েছে। তবে ভয়ের আশঙ্কা নেই।  সকল ধরণের পরীক্ষা-নীরিক্ষা করানো হচ্ছে। চিকিৎসার জন্য সকল ধরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করছি দ্রুত সেরে উঠবে তারা।’

ইত্তেফাক/নূহু