বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ায় একটি মাছ ধরার নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ইলিয়াস (৫০) নামের এক জেলে নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে বরগুনার পাথরঘাটা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের বঙ্গোপসাগর অংশে এ ঘটনা ঘটে। এ সময় ১১ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
জানা গেছে, রোববার (৪ আগস্ট) বিকালে পাথরঘাটা মৎস্য ঘাট থেকে ১৩ জন মাঝিমাল্লা নিয়ে মাছ ধরার জন্য এফবি মায়ের দোয়া নামের একটি নৌকা ছেড়ে যায়। এ সময় আবহাওয়া খারাপ হলে সাগর উত্তাল হয়ে উঠে। এ অবস্থায় সাগরে মাছ ধরার সময় হঠাৎ নৌকাটি উল্টে ডুবে যায়। ডুবে যাওয়া নৌকার ১১ জেলেকে ভাসমান অবস্থায় একটি ট্রলার উদ্ধার করলেও ইলিয়াসকে উদ্ধার সম্ভব হয়নি। নিখোঁজ ইলিয়াস বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের নলী এলাকার বাসিন্দা।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, সাগর উত্তাল থাকায় নিখোঁজ জেলের সন্ধানে কোনো উদ্ধার-ট্রলার পাঠানো যাচ্ছে না।
ডুবে যাওয়া ট্রলারের মালিক মধু মিয়া গণমাধ্যমকে বলেন, ধারদেনা করে প্রায় ২৫ লাখ টাকা খরচ করে ট্রলারটি বানিয়ে রোববার সাগরে পাঠাই। আজ সকালে ট্রলারটি ডুবে যায়। এখন আমি নিঃস্ব হয়ে গেছি।’
দক্ষিণ স্টেশন কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট শাকিব মেহবুব জানান, ট্রলারটি পাথরঘাটা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব এলাকায় ডুবেছে। যা চট্টগ্রাম জোনের আওতায়।