ঢাকার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে আহত হন হাসিবুল ইসলাম। বুধবার (৮ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। হাসিবুল মাদারীপুর জেলার কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের উত্তর কানাইপুর গ্রামের (দাশের ব্রিজ) দেলোয়ার ঢালির ছেলে।
এদিকে হাসিবুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সামাজিক সংগঠনের কর্মীরা ছুটে আসেন তার বাড়িতে। এ সময় তার রুহের মাগফেরাত কামনায় করেন বিএনপি নেতা খোন্দকার মাশুকুর রহমান, আনিসুর রহমান, খোকন তালুকদার ও জামায়াতে ইসলামের নেতা রফিকুল ইসলাম।
উল্লেখ্য, পরিবারের হাল ধরতে গত ৪ আগস্ট হাসিবুল কাজের সন্ধানে ঢাকা সাভার এলাকায় যায়। ৫ আগস্ট সকালে হাসিবুল কাজ ফেলে আন্দোলনকারীদের সঙ্গে মিছিলে অংশ নেয়। এ সময় পুলিশের গুলিতে তার মাথা ক্ষতবিক্ষত হয়ে যায়। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। বুধবার রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।