মাদারগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

সরকার পতনের সুযোগ কাজে লাগিয়ে এক শ্রেণীর দুষ্কৃতিকারীরা জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার এক সাংবাদিকের বসতবাড়িতে হামলা চালিয়ে লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে।

সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলার দৈনিক ইত্তেফাক সংবাদদাতা ও মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জলের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন বিকেলে মোটরসাইকেল বহরযোগে একদল দুষ্কৃতিকারী উজ্জলের বাড়িতে হামলা শুরু করে। হামলাকারীরা স্বর্ণালংকার, নগদ টাকা, ল্যাপটপ, ক্যামেরাসহ ব্যাপক লুটপাট করে। এছাড়াও হামলা চালিয়ে ১টি প্রাইভেট কার, ৩টি মোটর সাইকেল, ফার্নিচার ও বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়।

এ সময় হামলাকারীরা ৫ হাজার বই সমৃদ্ধ একটি প্রাচীন পারিবারিক লাইব্রেরি, বহু প্রাচীন পত্রিকা ও ডকুমেন্টসহ মূল্যবান সম্পদ পুড়িয়ে দেন।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত জানান, এ ব্যাপারে আইনগত সাহায্য নেন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। 

মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন ভুক্তভোগীকে।

হামলাকারীদের বেপরোয়া সহিংসতায়, তিনি সপরিবারে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন এবং পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।

হামলার বিষয়টি তিনি পুলিশে অবহিত করেছেন। তবে কোন প্রকার আইনি সহায়তা না পেয়ে তিনি হতাশায় ভুগছেন।