নকলের অভিযোগে অভিযুক্ত এনটিআর-জাহ্নবীর ‘দেভারা’

শ্রীলঙ্কার র‍্যাপ প্রিন্সেসখ্যাত ইয়োহানি দিলোকা ডি সিলভার গাওয়া সিংহলি ভাষার গান ‘মানিকে মাগে হিথে’ শিরোনামের গানটির কথা মনে আছে? ২০২১ সালের মাঝামাঝিতে গানটি রীতিমতো ঝড় তোলে। গানটির জনপ্রিয়তা শ্রীলঙ্কা থেকে বলিউড, বলিউড থেকে বাংলাদেশেও ছড়িয়ে পড়ে। শুধু শ্রোতারা নন, সে সময় বিভিন্ন ইন্ডাস্ট্রির তারকারাও গানটির ভূয়সী প্রশংসা করেন। 

পরবর্তী সময়ে ‘থ্যাংক গড’ সিনেমায় ব্যবহার করা হয় গানটির হিন্দি ভার্সন। তেলুগু সুপারস্টার এনটিআর জুনিয়র ও জাহ্নবী কাপুর অভিনীত নতুন সিনেমা ‘দেভারা: পার্ট ১’ এর বিরুদ্ধে ইয়োহানির গাওয়া গানটির সুর নকল করার অভিযোগ উঠেছে।

দক্ষিণী তারকা জুনিয়র এনটিআরের অভিনয় ভীষণ পছন্দ করেন জাহ্নবী কাপুর। স্বপ্ন ছিল তার সঙ্গে সিনেমায় কাজ করার। জুনিয়র এনটিআরকে ফোন করে সেই ইচ্ছার কথাও জানিছেয়েন জাহ্নবী। অবশেষে সেই সুযোগ পেয়েছেন তিনি। দক্ষিণী নির্মাতা করতালা শিবের ‘দেভারা: পার্ট ১’ সিনেমায় অভিনয় করেছেন জাহ্নবী। আর তাতে তার বিপরীতে আছেন জুনিয়র এনটিআর।

devara-2

এ সিনেমার নতুন গান ‘ধীরে ধীরে’ প্রকাশ পেয়েছে কয়েক দিন আগে। গানটিতে জুনিয়র এনটিআর ও জাহ্নবীর রোমান্স প্রশংসা পেয়েছে দর্শকদের। গানের দৃশ্যায়ন ও গ্রাফিকসের ব্যবহারও মন কেড়েছে। তবে একটি বিষয় সবকিছু ফিকে করে দিয়েছে। অনিরুদ্ধ রবিচন্দরের সংগীত ও শিল্পা রাওয়ের গাওয়া গানটির বিরুদ্ধে আনা হয়েছে নকলের অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলাবলি করছেন, ইয়োহানির গাওয়া মানিকে মাগে হিথের সুর চুরি করে বানানো হয়েছে দেভারার গানটি।

বিষয়টি নিয়ে কথা বলেছেন ‘মানিকে মাগে হিথে’র সুরকার চমাথ সংগীত। তিনি জানিয়েছেন ভিন্ন কথা। বলেছেন, সুরকার অনিরুদ্ধ রবিচন্দরের কাজ ভীষণ পছন্দ করেন তিনি। এ গানটির সঙ্গে যে তার গানের মিল আছে, তা নিয়ে কোনো অভিযোগ নেই। উল্টো তিনি কৃতজ্ঞ যে তার কাজ অনিরুদ্ধর মতো জনপ্রিয় সুরকারকে অনুপ্রাণিত করেছে। অন্যদিকে, দেভারা সিনেমার প্রযোজক নাগা ভামসি নকলের অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটা কিছু মানুষের রটনা ছাড়া কিছুই নয়।