উত্তরা ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তার দ্বায়িত্বে থাকা রবিউল হাসানের পদত্যাগ ও চুক্তিভিত্তিক নিয়োগের বাতিলের দাবিতে সমাবেশ করেছেন ব্যাংকটির কর্মচারীরা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ৯টায় উত্তরা ব্যাংক পিএলসি-এর প্রধান কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উত্তরা ব্যাংক শ্রমিক-কর্মচারী ইউনিয়ন রেজি. বি-১৯৩৬ (সিবিএ) এর ভারপ্রাপ্ত সভাপতি মো. মোসলেহ উদ্দিন।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী শ্রমিক দলের অর্থ সম্পাদক ও বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আরও বক্তব্য দেন ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশনের সভাপতি ও জনতা ব্যাংক জাতীয়বদী কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
তারা বলেন, 'মহামান্য রাষ্ট্রপতির আদেশে সমস্ত ব্যাংক খোলা রাখা হয়েছে, অথচ ওবায়দুল কাদের ও সালমান এফ রহমানের ঘনিষ্ট দোসর উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রবিউল হাসান রাষ্ট্রপতি ও সেনাবাহিনী প্রধানের আহ্বানের তোয়াক্কা না করে ও জনগণের কথা চিন্তা না করে উত্তরা ব্যাংক পিএলসি-এর সমস্ত কার্যক্রম বন্ধ রেখেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের গর্ভনর সহ ৪ জন এবং সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। আজকের সমাবেশ থেকে বলতে চাই, উত্তরা ব্যাংকের এমডি ও সিইও রবিউল হাসানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে যাকে অন্যকাউকে দায়িত্ব দিয়ে ব্যাংকের নিয়মতান্ত্রিক কার্যক্রম ফিরিয়ে আনতে হবে।'