হাট-বাজার পরিষ্কার করছে শিক্ষার্থীরা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে হাট-বাজারের ময়লা-আবর্জনা পরিষ্কার করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

শুক্রবার (৯ আগস্ট) সকালে টানা তৃতীয় দিনের মতো উপজেলার বালারহাট বাজারসহ বিভিন্ন হাট-বাজারের ময়লা-আবর্জনা পরিচ্ছন্নতার কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ফুলবাড়ী উপজেলা শাখা ও নাওডাঙ্গা ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন। এ সময় হাট-বাজারের অলি-গলিসহ কেন্দ্রীয় মসজিদ, মন্দির ও শহীদ মিনারে পরিচ্ছন্নতার কাজ করতে দেখা গেছে।  

ছবি: ইত্তেফাক

বালারহাট বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। এখন আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার কার্যক্রমে আমরা মুগ্ধ। 

ছবি: ইত্তেফাক

শিক্ষার্থী আনারুল ইসলাম ও রাব্বি জানান, উপজেলার অধিকাংশ হাট-বাজারে ময়লা-আবর্জনার স্তূপ দেখা যেত। আমরা সেগুলো পরিষ্কার করেছি। পাশাপাশি সবাইকে আবর্জনা রাখার জন্য ঝুড়ি অথবা ডাস্টবিন ব্যবহার করার আহ্বান জানিয়েছি।