বাংলাদেশ নিয়ে ভারত-যুক্তরাজ্য ফোনালাপ

গণআন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর ড. ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। তবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও নাজুক। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ড্যাভিড ল্যামি। এছাড়া পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন তারা। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।

এই ফোনালাপে বাংলাদেশ ছাড়াও পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) একটি পোস্টে এ তথ্য জানান।

জয়শঙ্কর তার পোস্টে উল্লেখ করেছেন, 'আজ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির কাছ থেকে ফোনকল পেয়েছি। আমরা বাংলাদেশ এবং সার্বিকভাবে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি।'

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালও তার সাপ্তাহিক ব্রিফিংয়ে এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেন।

তবে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আরও কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বা আলোচনায় ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভবিষ্যৎ গন্তব্য নিয়ে কিছু বলা হয়েছে কিনা, সে সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করেননি জয়শঙ্কর কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত ৫ আগস্ট নজিরবিহীন গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন।

কয়েকটি ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হয়েছেন। সম্ভাব্য গন্তব্য হিসেবে যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নাম শোনা যাচ্ছে।

এদিকে, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বুধবার বলেছেন, তার মা এখনো যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি। তিনি আরও কিছুদিন দিল্লিতেই থাকবেন।