বাকেরগঞ্জে দখল হওয়া দোকান-স্থাপনা ফিরে পেলেন মালিকরা 

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পৌরসভাসহ বিভিন্ন জায়গায় দখল হওয়া দোকান ও স্থাপনার মালিকানা ফিরিয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও একজন সাবেক সংসদ সদস্য।

শুক্রবার (৯ আগস্ট) সকালে এলাকার এসব দোকান ও স্থাপনা ঘুরে দেখে মালিকানা যাচাই করে তা মূল মালিকদের কাছে হস্তান্তর করেন বরিশাল-৬ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা আবুল হোসেন খান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান।

গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর আনন্দ মিছিল করেন আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এসময় আওয়ামী লীগের সমর্থকরা গা ঢাকা দেন। রাজনৈতিক অস্থিরতার এই সুযোগে একদল দুর্বৃত্ত বিভিন্ন দোকানপাটের মালামাল লুট করে। রাজনীতির সঙ্গে জড়িত নন, এমন অনেকের দোকানও লুট হয়।

দোকান হস্তান্তর করছেন ইউএনও সহ অন্যরা। ছবি: ইত্তেফাক

পরবর্তীতে সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান ও স্থানীয় রাজনীতিবিদ নাসির উদ্দীন রোকন ডাকুয়া এলাকা পরিদর্শন করেন এবং দোকান বেহাত হওয়া মালিকদের মালিকানা ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন।

বাকেরগঞ্জ পৌরসভার বাসস্ট্যান্ডের দোকান মালিক জাকির হোসেন বলেন, 'আমরা সাধারণ মানুষ, আমরা কোনো দল করি না। সরকার পতনের দিন হঠাৎ আমার কনফেকশনারি দোকানসহ চারপাশের অনেক দোকান ও স্থাপনা বেদখল হয়ে যায়। পরে সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান, নাসির উদ্দীন রোকন ডাকুয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমানের হস্তক্ষেপে আমার দোকান ফিরে পেয়েছি।'

নাসিরুদ্দিন রোকন ডাকুয়া বলেন, আমরা শান্তির পক্ষে। রাজনীতি ও দল নিয়ে বিভেদ বা হানাহানি চাই না।

সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, নতুন বাংলাদেশে শুভসূচনা হয়েছে। এসময় সবাইকে শান্ত থাকতে হবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান বলেন, কিছু লোক কিছু স্থাপনায় ভাঙচুর করে দখল নেওয়ার চেষ্টা করেছিল। আমরা প্রকৃত মালিকদের কাছে তা ফিরিয়ে দিয়েছি।